ফুটপাত-সরকারি জমি দখলমুক্ত করতে পথে প্রশাসন, পুজোর মুখে বিপাকে ব্যবসায়ীরা

জেলা

নিউজপোল ব্যুরো: পুজোর আগে চুঁচুড়ায় ফুটপাত ও সরকারি জমি দখলমুক্ত করতে পথে নামল প্রশাসন। মঙ্গলবার চুঁচুড়ার ঘড়ির মোড়, খরুয়া বাজার, তোলা ফটক, বাসস্ট্যান্ড এবং রবীন্দ্রনগর বাজার এলাকায় মাইকিং করে রাস্তার ধারে ও ফুটপাতে ব্যবসা করা দোকানদারদের সতর্ক করা হয়।

চুঁচুড়া থানার আইসি এবং ট্রাফিক গার্ডের ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘড়ির মোড় ও মাঠের ধার এলাকায় গিয়ে ব্যবসায়ীদের দ্রুত জায়গা খালি করার নির্দেশ দেয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, চলাচলের সুবিধার জন্য ফুটপাত ফাঁকা রাখতে হবে। পাশাপাশি সরকারি জমিতে স্থায়ী ব্যবসা করা এবং অতিরিক্ত সেড তৈরি করা ব্যবসায়ীদেরও সেগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হুগলি-চুঁচুড়া পুরসভার পক্ষ থেকেও সরকারি জায়গা দখল করে ব্যবসা করা ব্যক্তিদের তিন দিনের মধ্যে এলাকা ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে পুজোর মুখে প্রশাসনের এই নির্দেশে সমস্যায় পড়েছেন ছোট ব্যবসায়ীরা। তাঁদের দাবি, উৎসবের মরসুমকে সামনে রেখে ধারদেনা করে দোকানে নতুন করে পোশাক-সহ বিভিন্ন সামগ্রী তুলেছেন। এখন দোকান সরাতে হলে সেই মাল কীভাবে বিক্রি করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় তাঁরা।