আজ থেকেই বাড়বে বৃষ্টি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা

আবহাওয়া কলকাতা

নিউজপোল ব্যুরো: নিম্নচাপের প্রভাবে ফের বদলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ছবি। বুধবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। আকাশ রয়েছে মেঘে ঢাকা। IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থানরত নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এর প্রভাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতাতেও আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত মেঘলা থাকবে। কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বাড়তে পারে বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।