Nashik: হাতের তালুতে ‘আই লাভ ইউ মম অ্যান্ড ড্যাড’, নাসিকে বিশেষভাবে সক্ষম তরুণীর রহস্যমৃত্যু

দেশ

নিউজ পোল ব্যুরো: হাতের তালুতে লেখা ছিল—‘সরি… আই লাভ ইউ মম অ্যান্ড ড্যাড’। এই হৃদয়বিদারক বার্তাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের নাসিকে (Nashik) এক বিশেষভাবে সক্ষম তরুণীর মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই তরুণী আত্মঘাতী হয়েছেন। রবিবার সন্ধ্যায় (Nashik) তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম দীক্ষা ত্রিভুবন। বয়স মাত্র ২১ বছর। নাসিকের (Nashik) ধ্রুবনগরে নিজের বাড়িতেই সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে দেখা যায়, দীক্ষার হাতের তালুতে লেখা রয়েছে—‘সরি… আই লাভ ইউ মম অ্যান্ড ড্যাড’। এই দৃশ্য দেখে পরিবার কার্যত ভেঙে পড়ে।

আরও পড়ুন: Abhishek Banerjee: “ছেলের চিকিৎসার দায়িত্ব আমার”, ডায়মন্ড হারবারে অসহায় বৃদ্ধার চোখে জল মুছলেন অভিষেক

পরিবারের সদস্যদের দাবি, স্বভাবে শান্ত ও সংযত হলেও দীক্ষা ছিলেন অত্যন্ত মিশুকে। জন্ম থেকেই তিনি বিশেষভাবে সক্ষম ছিলেন এবং কথা বলতে তাঁর অসুবিধা হতো। তিনি বিশেষভাবে সক্ষমদের জন্য তৈরি একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন। দীক্ষার অকালমৃত্যুতে পরিবারের এক সদস্য কান্নায় ভেঙে পড়ে বলেন, “ও-ই ছিল আমাদের ভবিষ্যৎ।”

গঙ্গাপুর থানার পুলিশ আধিকারিক মধুকর কাড জানিয়েছেন, রবিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ দীক্ষা ত্রিভুবন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তিনি বিশেষভাবে সক্ষম ছিলেন এবং কথা বলায় সমস্যা ছিল। তদন্ত চলছে এবং এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে তিনি বাবা-মায়ের উদ্দেশে হাতে একটি আবেগঘন বার্তা লিখে রেখে গিয়েছিলেন। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole