নিউজ পোল ব্যুরো: ডায়মন্ড হারবারে আয়োজিত সেবাশ্রয়ের মডেল ক্যাম্প পরিদর্শনে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ক্যাম্পে উপস্থিত বহু মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা শোনেন তিনি এবং চিকিৎসা সংক্রান্ত সহায়তার আশ্বাস দেন।
ক্যাম্পে এসেছিলেন অশীতিপর জয়ন্তী চট্টোপাধ্যায় তাঁর ছেলে তন্ময়কে নিয়ে। তন্ময়ের পেটে জল জমার সমস্যা রয়েছে, পাশাপাশি হৃদযন্ত্রের জটিলতায় পেসমেকার বসানোর প্রয়োজন। অভিষেককে (Abhishek Banerjee) সামনে পেয়ে বৃদ্ধা নিজেই এগিয়ে এসে সমস্যার কথা জানান। সাংসদ তাঁকে আশ্বস্ত করে বলেন, চিন্তার কোনও কারণ নেই, সমস্ত রকম সাহায্যের ব্যবস্থা করা হবে। তিনি তন্ময়ের ফোন নম্বর নিয়ে দ্রুত যোগাযোগ করার প্রতিশ্রুতিও দেন।
আরও পড়ুন: Mamata Banerjee: মোদির সফরের পরই সিঙ্গুরে মমতা! নতুন বছরে কি টাটাদের জমিতেই মিলবে বড় শিল্পের বার্তা?
একইভাবে সঙ্গীতা বৈদ্য তাঁর ব্লাড ক্যান্সারে আক্রান্ত সন্তানকে নিয়ে ক্যাম্পে এসেছিলেন। অভিষেকের (Abhishek Banerjee) সামনে আবেগে ভেঙে পড়েন তিনি। সাংসদ তাঁকেও চিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করেন এবং পাশে থাকার বার্তা দেন।
এই দিন সেবাশ্রয় মডেল ক্যাম্পে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হুইলচেয়ার বিতরণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেটিঘাটের কাছে হুগলি নদীর উপর পল্টুন জেটিতে তৃণমূল কর্মীদের উদ্যোগে সেবাশ্রয়ের আদলে সাজানো জলযানও ঘুরে দেখেন তিনি। এই অভিনব উদ্যোগের জন্য কর্মীদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মানুষের সেবায় এভাবেই কাজ করার নির্দেশ দেন।
মডেল ক্যাম্পে পৌঁছনোর পথে কিছুটা রাস্তা চলন্ত গাড়িতে দাঁড়িয়ে এবং কিছুটা হেঁটে জাতীয় সড়কের দু’পাশে অপেক্ষারত সাধারণ মানুষকে হাত নেড়ে ও নমস্কার জানিয়ে শুভেচ্ছা জানান অভিষেক। তাঁকে এক নজর দেখতে রাস্তার দু’ধারে উপচে পড়ে ভিড়। মোবাইলে ছবি ও ভিডিও তুলতে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
ক্যাম্পে এসে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক ও রোগীর পরিজনদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন অভিষেক। রোগীদের দ্রুত আরোগ্য কামনা করে নিজের সামর্থ্য অনুযায়ী সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। উপস্থিত চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের অনুরোধে সেলফি তোলেন এবং অটোগ্রাফও দেন সাংসদ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
