নিউজপোল ব্যুরো: গাইঘাটায় নাবালিকার উপর নির্যাতন ও তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির মধ্যেই পুলিশের অভিযানে ধৃতের মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানালেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। আরজি করের ঘটনায় নিহত মহিলা চিকিৎসকের মা রত্না দেবনাথ এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। একইসঙ্গে রাজ্যে মদ বিক্রি বন্ধ করার দাবিও তুলেছেন তিনি।
রত্না দেবনাথের কথায়, “যারা মেয়েদের ভোগ্যপণ্য হিসেবে দেখে, তাঁদের বেঁচে থাকার অধিকার নেই। এনকাউন্টার আমি সমর্থন করি।” গাইঘাটার ঘটনার সঙ্গে নিজের মেয়ের ঘটনার তুলনা টেনে তিনি বলেন, এমন ঘটনায় অভিযুক্তের পরিবারের কষ্ট হতে পারে। তবে সন্তানকে সঠিকভাবে মানুষ করার দায়িত্বও অভিভাবকদের রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ ধরনের ঘটনায় পুলিশের কঠোর পদক্ষেপ অপরাধীদের মনে ভয় তৈরি করতে পারে বলেও মনে করেন রত্না দেবনাথ। তবে তাঁর বক্তব্য, এই ধরনের অপরাধের পিছনে মদের প্রভাবও খতিয়ে দেখা প্রয়োজন। সেই কারণেই রাজ্য থেকে নেশাজাতীয় দ্রব্য তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তাঁর মতে, নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা গেলে এমন ঘটনার প্রবণতা কমতে পারে।
অন্যদিকে, গাইঘাটার ঘটনায় পুলিশের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন কামদুনির নির্যাতিতার ভাইও। তাঁর বক্তব্য, এ ধরনের অপরাধ রুখতে কঠোর ব্যবস্থা প্রয়োজন। একইসঙ্গে কামদুনি মামলায় এখনও কারাবন্দি অভিযুক্তদের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। গাইঘাটার ঘটনা ঘিরে দুই পরিবারের এই প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
