Nipah Virus : নিপা মোকাবিলায় ঐতিহাসিক অগ্রগতি! অক্সফোর্ডের টিকার প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল শুরু

রাজ্য লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: মারণ ভাইরাস নিপার বিরুদ্ধে লড়াইয়ে অবশেষে বড় সাফল্যের ইঙ্গিত মিলল। দীর্ঘদিনের অপেক্ষার পর শুরু হয়ে গেল নিপা টিকার (Nipah Virus) প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল। চিকিৎসাবিজ্ঞানের দুনিয়ায় এই ঘটনাকে এক ঐতিহাসিক সন্ধিক্ষণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Oxford University) বিজ্ঞানীদের তৈরি এই টিকা ঘিরে নতুন করে আশার আলো দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। নিপা ভাইরাস (Nipah Virus) দীর্ঘদিন ধরেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আতঙ্কের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে ভারত ও বাংলাদেশে বারবার এই ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গেও দুই নার্সের নিপা আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। মূলত ফল খাওয়া বাদুড় বা ফ্রুট ব্যাটের লালা থেকে ছড়ানো এই ভাইরাস (Nipah Virus) মানুষের শরীরে প্রবেশ করলে মারাত্মক সংক্রমণ ঘটায়। নিপা (Nipah Virus) সংক্রমণে মৃত্যুর হার প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে, যা একে আরও ভয়ঙ্কর করে তুলেছে।

আরও পড়ুন : Kolkata Metro : ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বিশেষ উদ্যোগ, ব্লু-ইয়োলো লাইনে মেট্রো পরিষেবা পরিবর্তন

সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল—এতদিন পর্যন্ত নিপার কোনও নির্দিষ্ট টিকা বা কার্যকর ওষুধের অভাব। সেই শূন্যস্থান পূরণ করতেই এগিয়ে এসেছে অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ। তাদের তৈরি নতুন টিকার নাম ‘ChAdOx1 NipahB’। এই টিকাটি অক্সফোর্ডের পরীক্ষিত ‘ChAdOx1’ প্ল্যাটফর্ম ব্যবহার করেই তৈরি করা হয়েছে, যে প্রযুক্তির মাধ্যমে কোভিড-১৯ প্রতিরোধকারী কোভিশিল্ড টিকাও তৈরি হয়েছিল। বর্তমানে এই টিকার প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে ব্রিটেনে। সেখানে ১৮ থেকে ৫৫ বছর বয়সি মোট ৫১ জন সুস্থ স্বেচ্ছাসেবীর শরীরে পরীক্ষামূলকভাবে এই টিকা প্রয়োগ করা হচ্ছে। আগামী প্রায় ১৮ মাস ধরে তাদের শরীরে টিকার প্রভাব, নিরাপত্তা এবং রোগপ্রতিরোধ ক্ষমতা কতটা বাড়ছে, তা খুঁটিয়ে পর্যবেক্ষণ করবেন গবেষকরা। এই পর্যায়ের মূল লক্ষ্য হল—টিকাটি মানুষের জন্য কতটা নিরাপদ এবং এটি আদৌ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে পারছে কি না, তা নিশ্চিত করা (Nipah Virus)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

বিশেষজ্ঞদের মতে, নিপা ভাইরাসকে (Nipah Virus) ভবিষ্যতের সম্ভাব্য মহামারির বড় হুমকি হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই একে ‘Blueprint Pathogen’-এর তালিকায় রাখা হয়েছে। অক্সফোর্ডের এই উদ্যোগ সেই আশঙ্কা মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রকল্পের প্রধান গবেষক ব্রায়ান অ্যাঙ্গাস জানিয়েছেন, প্রথম পর্যায়ের ট্রায়ালের ফলই ঠিক করে দেবে এই টিকার ভবিষ্যৎ পথ। ভারতে কেরল-সহ একাধিক রাজ্যে নিপা ভাইরাস (Nipah Virus) বারবার প্রাণ কেড়েছে। সময়মতো এই টিকা বাজারে এলে ভবিষ্যতে বহু প্রাণ রক্ষা করা সম্ভব হবে বলেই আশা করছেন চিকিৎসক ও গবেষকরা। আপাতত গবেষণাগারের ফল আশাব্যঞ্জক। এখন বিশ্ব তাকিয়ে রয়েছে এই ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত ফলাফলের দিকে।