কলকাতার আকাশজুড়ে কালো মেঘ, অন্ধ্র উপকূলে অর্ণবের চোখরাঙানি! সতর্ক রেল, বাতিল ১১ ট্রেন

আবহাওয়া

নিউজপোল ব্যুরো:   বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে রেল কর্তৃপক্ষ। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ঝড়ের আশঙ্কার মধ্যে রেল পরিষেবা স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি শুরু হয়েছে। প্রায় ৬০০ কিলোমিটার রেলপথের পরিস্থিতির উপর নজর রাখছেন আধিকারিকরা। নিরাপত্তার কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে ১১টি ট্রেন।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। রেলপথে যাতে ঘূর্ণিঝড়ের কারণে পরিষেবা ব্যাহত না হয় এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কায় অন্ধ্রপ্রদেশে প্রায় ৬০০ কিলোমিটার রেলপথে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাতিল করা হয়েছে ১১টি ট্রেন। পরিস্থিতির উপর নজর রাখতে বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমে চালু করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।

 

ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। দমকা হাওয়ার গতি আরও বাড়ার আশঙ্কা থাকায় রেললাইনের নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে বিজয়ওয়াড়া ও বিশাখাপত্তনমে চালু রয়েছে বিশেষ কন্ট্রোল রুম। বিভিন্ন স্টেশনে প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী সরঞ্জাম, ডিজেল লোকোমোটিভ, অ্যাম্বুল্যান্স, আর্থমুভার এবং গাছ কাটার যন্ত্র। পাশাপাশি নিয়মিত পরীক্ষা করা হচ্ছে বাতাসের গতিবেগ ও জলের স্তর। কোথাও রেললাইনের উপর গাছ ভেঙে পড়লে বা জল জমে পরিষেবা ব্যাহত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই এই প্রস্তুতি।

অন্যদিকে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং কিছু এলাকায় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির উপর নজর রাখছে প্রশাসন। পরিস্থিতি অনুযায়ী রেল পরিষেবা ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে।