হাতে বন্দুক ঠোঁটে গোলাপ ৬0 এও আগুন শাহারুখ! কিং এর এক পোস্টারেই কাঁপলো বলিউড ,রাজকীয় মেজাজে ফিরছেন বাদশা

breakingnews বিনোদন

নিউজপোল ব্যুরো:  এক হাতে বন্দুক, ঠোঁটে গোলাপ, খোলা শার্টে রাফ অ্যান্ড টাফ লুক! বলিউডের বাদশা শাহরুখ খানের নতুন অবতারে রীতিমতো উত্তাল অনুরাগীদের মহল। আসন্ন ছবি ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে চর্চা। ষাটের দোরগোড়ায় দাঁড়িয়েও শাহরুখের এমন ফিটনেস আর অ্যাকশন হিরোর মেজাজ দেখে মুগ্ধ তাঁর ভক্তরা।

কোভিড পরবর্তী সময়ে হিন্দি ছবির বক্স অফিসে নতুন করে প্রাণ ফিরিয়েছিল শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’। ২০২৩ সালে পরপর দুই ছবির সাফল্যে প্রমাণ হয়েছিল, বড় পর্দায় বাদশার ম্যাজিক এখনও অটুট। সেই সাফল্যের পর এবার ‘কিং’ নিয়ে প্রত্যাশা আরও বেশি। নতুন পোস্টারে শাহরুখের চোখেমুখে যেমন আগ্রাসী মেজাজ, তেমনই রয়েছে পুরনো রোমান্টিক নায়কের ছোঁয়া।

পোস্টার প্রকাশের সঙ্গে ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘আজ ফির ইয়াদ আয়া… কাতিল নেহি… আশিক হুঁ।’ অর্থাৎ, খুনির পরিচয় নয়, তিনি প্রেমিক। এই একটি লাইনেই যেন ধরা পড়েছে ছবির চরিত্রের রহস্যময় দিক। অ্যাকশন আর রোম্যান্সের মিশেলে শাহরুখকে নতুনভাবে দেখার অপেক্ষায় দর্শকরা।

ছবিটি ঘিরে আগেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ‘কিং’-এর। বড়দিনের ছুটিকে সামনে রেখে এই মুক্তির সময় বক্স অফিসে বাড়তি সুবিধা এনে দিতে পারে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীদের একাংশ।

তবে পোস্টারের ঝলক থেকে ছবির আসল চমক কতটা, তার উত্তর মিলবে মুক্তির পরেই। আপাতত বন্দুক হাতে গোলাপে কামড় দেওয়া শাহরুখের এই লুকেই মজে নেটদুনিয়া।