প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা ছেলের বেআইনি সাম্রাজ্যে এবার চরম ধাক্কা! নদীর চর বোজানো ক্যাফে ওড়াতে ৭ দিন সময় দিল প্রশাসন

breakingnews অপরাধ রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: কিছুদিন আগেই NIA-র হাতে গ্রেফতার হয়েছেন সওকত মোল্লা। কিন্তু এই মুহূর্তে তাজা খবর মাতলা নদীর চর বেআইনিভাবে ভরাট করে বিশাল রেস্তোরাঁ বানানোর অভিযোগে এবার কড়া নোটিস পেলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা।

ভাঙড় বিস্ফোরণকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)-র হাতে সওকত গ্রেফতার হওয়ার পরই, তাঁর পরিবারের ওপর চাপ বাড়াল ক্যানিং মহকুমা প্রশাসন (SDO)। সরকারি জমি ও নদী চুরির অভিযোগে ইমরানকে আগামী ১৮ জুনের মধ্যে মহকুমা শাসকের অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নদী গ্রাস ও কোটি কোটি টাকার সিন্ডিকেট ক্যানিংয়ের এলাকার মৌখালিতে মাতলা নদীর চর দখল করে গড়ে উঠেছে ইমরান মোল্লার এই ঝাঁ-চকচকে ক্যাফে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ২৫ বছর ধরে নদী ভরাট করে এই বিশাল সাম্রাজ্য তৈরি করেছে সওকত ও তার দলবল। সরকারি জমি ৫ থেকে ৭ লক্ষ টাকায় বেআইনিভাবে বিক্রি করার মারাত্মক অভিযোগও উঠেছে। ভাঙড় মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় সংস্থা এনআইএ-র আধিকারিকরা ইতিমধ্যেই এই বিতর্কিত রেস্তোরাঁয় তল্লাশি চালিয়েছেন। মানুষের দাবি, দীর্ঘদিন ধরে চলা এই নদী চুরির বিরুদ্ধে কেউ মুখ খুললেই জুটত চরম হুমকি। রাতে বাড়িতে বোমা মারার ভয় দেখিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ রাখা হতো। প্রাক্তন বিধায়ক গ্রেফতার হওয়ার পরেও এলাকায় বোমাবাজি করে ও অস্ত্র উঁচিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ফলে গোটা এলাকা এখনও থমথমে।

দীর্ঘদিন চুপ থাকার পর, সওকত মোল্লা গ্রেফতার হতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। নির্ধারিত ৭ দিনের মধ্যে ইমরান নিজে এই নির্মাণ না সরালে, প্রশাসন স্বউদ্যোগে বুলডোজার নামিয়ে তা ভেঙে দেবে এবং তার যাবতীয় খরচও সওকত-পুত্রকেই বহন করতে হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনার পর সুন্দরবন ও ক্যানিং এলাকায় তীব্র রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে।