নিউজপোল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের আবহে আরও সমন্বিত হচ্ছে বিরোধী শিবির। আগামী বুধবার, ৩০ সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে INDIA জোটের বৈঠক হতে চলেছে। SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা এবং কমিশনের অভ্যন্তরীণ মতপার্থক্যের অভিযোগই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে।
জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে যৌথ আন্দোলনের রূপরেখা তৈরি এবং সংসদে ফের অপসারণের নোটিস আনার সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, SIR সংক্রান্ত একাধিক সিদ্ধান্তে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে নির্বাচন কমিশনের বক্তব্য, কমিশনের অভ্যন্তরীণ আলোচনায় মতপার্থক্য থাকা স্বাভাবিক এবং নেওয়া সিদ্ধান্তগুলি আইন ও নির্ধারিত প্রক্রিয়া মেনেই হয়েছে।
এর আগে মঙ্গলবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকেও নির্বাচন কমিশন এবং SIR নিয়ে দলের অবস্থান ও পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এদিন জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি তুলেছেন।
বুধবারের INDIA বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। বৈঠকের পর বিরোধী নেতাদের যৌথ সাংবাদিক বৈঠকের পরিকল্পনাও রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
