নিউজপোল ব্যুরো:পুজোর আর ক’টা দিন বাকি। তার আগেই হরিদেবপুরের অজেয় সংহতি ক্লাবে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাতে প্রায় ১০–১৫ জন যুবক ক্লাবে ঢুকে ভাঙচুর ও মারধর চালায় বলে অভিযোগ। হামলাকারীদের কয়েক জনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি ক্লাব সদস্যদের। ঘটনায় এক সদস্যকে বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ক্লাব কর্তৃপক্ষের দাবি, রাতে খাওয়া-দাওয়ার আয়োজন চলাকালীন আচমকাই হামলা হয়। দু’টি সিসিটিভি ক্যামেরা ভাঙার পাশাপাশি রেকর্ডার বক্সও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। হামলার ঘটনায় তৃণমূলের সঙ্গে যুক্ত এক সদস্যকে নিশানা করা হয়েছিল বলেই দাবি ক্লাবের কয়েক জনের। সেই সূত্রেই ঘটনার পিছনে স্থানীয় বিজেপির যোগ থাকার অভিযোগ সামনে এসেছে। যদিও বিজেপির তরফে এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, রাজনৈতিক বিরোধের পাশাপাশি ব্যক্তিগত আক্রোশের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার প্রভাব পড়েছে পুজোর প্রস্তুতিতেও। ক্লাব সদস্যদের দাবি, শিল্পী ও মণ্ডপকর্মীরাও আতঙ্কে রয়েছেন। ৬৬ বছরের পুরনো দুর্গাপুজো নির্বিঘ্নে আয়োজন করা যাবে কি না, তা নিয়েই এখন উদ্বেগে উদ্যোক্তারা। নিরাপত্তার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।
