সবুজ সাথীর নাম বদলে ‘সারথি’! পড়ুয়াদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা! বাংলায় সাইকেল কারখানার প্রস্তাব, বাড়ছে অনুদান—ট্যাব নিয়েও মুখ্যমন্ত্রীর বড় বার্তা

breakingnews কলকাতা জেলা প্রযুক্তি শহর

নিউজপোল ব্যুরো: পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের একাধিক পরিকল্পনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়ায় ‘সারথী’ প্রকল্পের সূচনায় তিনি জানালেন, ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার পুরনো ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম বদলে করা হয়েছে ‘সারথী’। এর আগে নবান্ন থেকেও এই নাম পরিবর্তনের কথা জানানো হয়েছিল। প্রকল্পের সুবিধা চালু থাকবে বলেই জানানো হয়েছে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সরকার বদলালেও পড়ুয়াদের জন্য চলা প্রকল্প বন্ধ করা হবে না। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ১২ লক্ষ ৫৯ হাজার পড়ুয়ার হাতে সাইকেল তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সাইকেলের মান ঠিক রাখতে একাধিক ধাপে পরীক্ষা করা হয়েছে বলেও তিনি জানান। একইসঙ্গে বাংলায় সাইকেল তৈরির কারখানা গড়তে আগ্রহী শিল্পপতিদের জমি দেওয়ার প্রস্তাবও দেন তিনি।

শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তার বিষয়েও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, পড়ুয়াদের বার্ষিক অনুদান ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার পরিকল্পনা রয়েছে। চলতি বছরে আরও ৮০০টি স্মার্ট স্কুল চালুর কথাও তিনি জানিয়েছেন। তবে এই সংখ্যাগুলি মুখ্যমন্ত্রীর ঘোষণার ভিত্তিতেই প্রকাশ করা হল।

মিড ডে মিলের মান আরও ভালো করার চেষ্টা চলছে বলেও জানান শুভেন্দু। পড়ুয়াদের শুধু খাবার দেওয়া নয়, খাবারের গুণগত মান এবং পুরো ব্যবস্থার দিকেও নজর দেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি ইতিহাস ও রাজ্য সম্পর্কে পড়ুয়াদের আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

এদিন মোবাইল ফোন দেওয়ার প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, পড়ুয়াদের হাতে সাধারণ মোবাইল নয়, প্রয়োজন অনুযায়ী শিক্ষা সংক্রান্ত ট্যাব দেওয়ার উপর জোর দেওয়া হবে। শিক্ষার কাজে প্রয়োজন হলে খরচ বাড়াতেও সরকার প্রস্তুত থাকবে বলে তিনি জানান। এর আগেও স্কুলপড়ুয়াদের মোবাইল ব্যবহারের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।