নিউজপোল ব্যুরো:ভোটের আগে বড় স্বস্তি পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলিতে আগামী তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে এই জামিন কার্যকর হচ্ছে। তবে জামিনের সঙ্গে একাধিক শর্তও আরোপ করেছে আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তের কাজে সহযোগিতা করতে হবে মিলন প্রধানকে। জামিনের জন্য ১০ হাজার টাকার দু’টি বেল বন্ড জমা দেওয়ার কথাও বলা হয়েছে। ফলে নির্বাচনের আগে জেল থেকে বেরিয়ে রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হল তাঁর সামনে।
আরও দেখুন:-হোমস্টেতে কী ঘটেছিল? তরুণীর মৃত্যু ঘিরে পুলিশের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
মঙ্গলবার শুনানিতে রাজ্যের তরফে জামিনের তীব্র বিরোধিতা করা হয়। রাজ্যের আইনজীবী দাবি করেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এবং একাধিক গুরুতর মামলায় অভিযুক্ত ব্যক্তিকে শুধুমাত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণ দেখিয়ে জামিন দেওয়া হলে তা ভবিষ্যতে নজির তৈরি করতে পারে।
অন্যদিকে, মিলন প্রধানের আইনজীবী আদালতে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে অন্তর্বর্তী জামিনের আবেদন জানান। তাঁর বক্তব্য ছিল, প্রতিটি মামলার ঘটনা পৃথক এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাওয়া একজন প্রার্থীর গুরুত্বপূর্ণ অধিকার।
হাইকোর্টের এই নির্দেশের পর নন্দীগ্রামের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে মামলাগুলির আইনি প্রক্রিয়া চলবে এবং তদন্তে আদালতের শর্ত মেনে চলতে হবে মিলন প্রধানকে।
