নিউজ পোল ব্যুরো: কলকাতার (Kolkata) আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ (RG Kar Hospital) আবারও রোগীর মৃত্যুকে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। মৃত বিশ্বজিৎ সামন্তের পরিবারের অভিযোগ, ন্যূনতম পরিকাঠামোর অভাব এবং চরম অব্যবস্থার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, নিমতার বাসিন্দা বিশ্বজিৎ সামন্তকে রবিবার রাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ট্রমা কেয়ার বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ বোধ করলেও ভোরবেলায় তাঁর শৌচালয়ে যাওয়ার প্রয়োজন হয়। অভিযোগ, সেই সময় হাসপাতালের (RG Kar Hospital) পক্ষ থেকে জানানো হয় যে ট্রমা বিভাগের ওই তলায় কোনও শৌচালয় নেই। তাঁকে প্রায় ১০০ মিটার দূরে থাকা একটি সুলভ শৌচালয় ব্যবহার করতে বলা হয়।
আরও পড়ুন: Firhad Hakim: মমতার লিড বাড়াতে কোমর বেঁধে ময়দানে ফিরহাদ, ৬০ হাজারের লক্ষ্য নিয়ে শুরু ম্যারাথন প্রচার
পরিবারের দাবি, একাধিকবার স্ট্রেচারের আবেদন জানানো হলেও তা মেলেনি। ফলে অসুস্থ অবস্থাতেই তাঁকে হেঁটে যেতে বাধ্য করা হয়। প্রায় ৫০ মিটার হাঁটার পর সিঁড়ি ভেঙে উপরে ওঠার সময় আচমকাই অচৈতন্য হয়ে পড়েন বিশ্বজিৎবাবু। দ্রুত তাঁকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতের স্ত্রী ইলা সামন্তের অভিযোগ, “একজন অসুস্থ মানুষ, যার শ্বাসকষ্ট হচ্ছিল, তাঁকে কোনও সাহায্য না করে হাঁটতে বলা হল! আমরা তো ভরসা নিয়ে হাসপাতালে আসি, কিন্তু এখানে এসে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।” তাঁর প্রশ্ন, এই ধরনের অব্যবস্থা কেন রোখা যাচ্ছে না এবং প্রশাসন কেন নজর দিচ্ছে না।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট সময় লিফট বিকল ছিল এবং নিকটবর্তী শৌচালয় ব্যবহারের অযোগ্য অবস্থায় ছিল বলেই রোগীকে দূরের শৌচালয়ে যেতে বলা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং টালা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘিরে আবারও সরকারি হাসপাতালের (RG Kar Hospital) পরিকাঠামো ও পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
