নিউজ পোল ব্যুরো: ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুরে প্রচারের তাপমাত্রা ক্রমশই বাড়ছে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস (TMC) তাদের প্রচারের মূল মুখ হিসেবে তুলে ধরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে (Mamata Banerjee)। তাঁকে ‘ঘরের মেয়ে’ হিসেবে তুলে ধরে সাধারণ মানুষের আবেগের সঙ্গে সংযোগ স্থাপনের কৌশল নিয়েছে দল। সোমবার চেতলার রাখাল দাস আঢ্যি রোড এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে মুখ্যমন্ত্রীর পক্ষে সমর্থন চান।
তাঁর দাবি, ভবানীপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের পরিবারের সদস্য হিসেবেই মনে করেন, তাই তাঁর জয় নিয়ে কোনও সংশয় নেই। ফিরহাদ হাকিম (Firhad Hakim)জানান, “এই কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের এলাকা। এখানকার মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমরা শুধু মানুষের কাছে গিয়ে মনে করিয়ে দিচ্ছি, উন্নয়নের ধারাকে বজায় রাখতে তাঁকেই আবার নির্বাচিত করতে হবে।” তিনি আরও দাবি করেন, এবারের নির্বাচনে মুখ্যমন্ত্রী বিপুল ভোটে জয়ী হবেন। ভোটার তালিকা (Voter list) থেকে নাম বাদ পড়ার বিষয়েও প্রতিক্রিয়া দেন তিনি। বলেন, আদালতের উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে এবং প্রয়োজনে দল আইনি পথে লড়াই চালিয়ে যাবে, যাতে কোনও যোগ্য ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।
বিজেপি প্রার্থী নিয়ে প্রশ্ন উঠলে কটাক্ষের সুরেই ফিরহাদ জানান (Firhad Hakim), প্রতিপক্ষ কে তা নিয়ে তাঁদের বিশেষ ভাবনা নেই। তাঁর মতে, রাজ্যে উন্নয়নের কাজ ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, আর সেই কাজই তৃণমূলের সবচেয়ে বড় শক্তি। সব মিলিয়ে, ‘ঘরের মেয়ে’ আবেগকে সামনে রেখে তৃণমূলের এই আক্রমণাত্মক প্রচার ভবানীপুর কেন্দ্রের নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলেছে। এখন দেখার, ভোটের ফলাফলে এই কৌশল কতটা কার্যকর হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
