পর্দার রহস্য রচয়িতা আজ স্মৃতির পাতায়! ‘CID’ ও ‘আহাট’-এর পরিচালক বিপ্লব সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ!

breakingnews oftbeat বিনোদন

নিউজপোল ব্যুরো: যে নামের সঙ্গে জড়িয়ে রয়েছে টানটান রহস্য, অপরাধের গল্প আর টেলিভিশনের পর্দায় অসংখ্য স্মরণীয় মুহূর্ত, সেই মানুষটাই আজ আর নেই। জনপ্রিয় ক্রাইম শো ‘CID’ ও ভৌতিক ধারাবাহিক ‘Aahat’-এর স্রষ্টা বি.পি. সিং প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর প্রয়াণে ভারতীয় টেলিভিশন জগতে নেমে এসেছে শোকের ছায়া।

বি.পি. সিংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিচালক অশোক পণ্ডিত। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় তিনি জানান, প্রবীণ এই প্রযোজক-পরিচালকের প্রয়াণের খবর তাঁকে ব্যথিত করেছে। ভারতীয় টেলিভিশনে বি.পি. সিংয়ের অবদানের কথাও তুলে ধরেছেন তিনি। অশোকের বক্তব্য, ‘CID’ এবং ‘Aahat’-এর মতো অনুষ্ঠান দীর্ঘদিন ধরে দর্শকদের মুগ্ধ করেছে। তাঁর কাজ আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে। IFTDA-র সভাপতি থাকার সময় বি.পি. সিংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে তাঁর পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন অশোক।

বি.পি. সিংয়ের পুরো নাম ব্রিজেন্দ্র পাল সিং। ভারতীয় টেলিভিশনের অন্যতম পরিচিত নাম ছিলেন তিনি। ‘CID’-এর স্রষ্টা, পরিচালক ও প্রযোজক হিসেবে তিনি বিশেষ জনপ্রিয়তা পান। ১৯৯৮ সালে শুরু হওয়া এই ক্রাইম শো দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে জনপ্রিয় ছিল। ধারাবাহিকটিতে তিনি মাঝে মাঝে ডিসিপি শমসের সিং চিত্রোলের চরিত্রেও অভিনয় করেছেন।

‘CID’-এর ইতিহাসেও রয়েছে বিশেষ কৃতিত্ব। ২০০৪ সালে ‘দ্য ইনহেরিটেন্স’ বা ‘CID 111’ নামে ১১১ মিনিটের একটি বিশেষ পর্ব একটানা শটে তৈরি করা হয়েছিল। এই কাজের জন্য অনুষ্ঠানটি লিমকা বুক অফ রেকর্ডস এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয় বলে জানা যায়। শুধু ক্রাইম শো নয়, ২০১০ সালে ‘Gutur Gu’ নামে নির্বাক কমেডি অনুষ্ঠানও দর্শকদের সামনে এনেছিলেন তিনি। ‘Hum Ne Li Hai… Shapath’-এর মতো ক্রাইম শো এবং ‘Agent Vinod’ ছবিতে অভিনয়ও তাঁর কাজের তালিকায় রয়েছে। তাঁর প্রয়াণে শেষ হল ভারতীয় টেলিভিশনের এক উল্লেখযোগ্য অধ্যায়, কিন্তু তাঁর তৈরি গল্প ও চরিত্র দর্শকদের স্মৃতিতে থেকে যাবে।