দু’মাসের ব্যবধান, ফের আগুনের গ্রাসে তারাপীঠের হোটেল! ভোররাতে ২০১ নম্বর ঘরে অগ্নিকাণ্ড, ৫ মিনিটে পৌঁছল পুলিশ-দমকল—কীভাবে লাগল আগুন!

breakingnews কলকাতা শহর

নিউজপোল ব্যুরো: রাতের ঘুম ভাঙতেই আগুনের আতঙ্ক! তারাপীঠে ফের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ভোরে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তার ধারের একটি অভিজাত হোটেলের ২০১ নম্বর ঘরে আগুন লাগে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। তড়িঘড়ি হোটেলে থাকা অতিথিদের বাইরে বের করে আনা হয়। স্বস্তির খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর নেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর ৩টে ৫১ মিনিট নাগাদ আগুন লাগার খবর আসে রামপুরহাট থানায়। খবর পাওয়ার প্রায় পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। হোটেলে থাকা ১২ জন অতিথিকে নিরাপদে বাইরে বের করে আনা হয়। দ্রুত পদক্ষেপের জেরে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার পর আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ। হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি হোটেল কর্তৃপক্ষ। দমকলের তদন্তের রিপোর্ট সামনে এলেই আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য জানা যেতে পারে।

এই ঘটনা নতুন করে আতঙ্ক বাড়িয়েছে গত ১৭ অগস্টের স্মৃতি ফিরিয়ে। সেদিন তারাপীঠ মন্দিরের কাছে একটি হোটেলে আগুন লেগে আট জনের মৃত্যু হয়েছিল। পুজো দিতে আসা ওই পর্যটকদের মৃত্যুর পর তারাপীঠের একাধিক হোটেল ও গেস্ট হাউসের অগ্নিনিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। জেলা প্রশাসনের তরফেও নোটিস দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছিল। এবার বড় বিপদ এড়ানো গেলেও হোটেলগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা কার্যকর, সেই প্রশ্ন ফের সামনে এল। এখন তদন্তের রিপোর্টের দিকেই নজর।