নিউজ পোল ব্যুরো:একের পর এক নির্বাচনী ব্যর্থতা, নেতৃত্বের প্রশ্নে দলের ভিতরে অসন্তোষ, পাশাপাশি পরিবারে ক্রমশ বাড়তে থাকা ভাঙন—এই সব কিছুকে উপেক্ষা করেই আরজেডির ভবিষ্যৎ নেতৃত্বের ভার কার্যত ছোট ছেলে তেজস্বী যাদবের হাতেই তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিলেন লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। রবিবার আরজেডির জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে তেজস্বীকে দলের কার্যকরী সভাপতি হিসেবে ঘোষণা করা হল।
আরও পড়ুন:https://thenewspole.com/2026/01/25/shashi-panja-sir-hearing-voter-list-controversy/
যদিও লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) এখনও আরজেডির সর্বভারতীয় সভাপতি পদে বহাল, বয়স ও শারীরিক অসুস্থতার কারণে তিনি নিজেই দৈনন্দিন সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন। বাস্তবে দীর্ঘদিন ধরেই দলের দৈনন্দিন কাজকর্ম দেখছেন তেজস্বী যাদব, তবে তা এতদিন ছিল অনানুষ্ঠানিকভাবে। রবিবারের সিদ্ধান্তের মাধ্যমে সেই দায়িত্বই এবার সরকারি স্বীকৃতি পেল। বৈঠকে লালুপ্রসাদ যাদব নিজে ছেলের হাতে নিয়োগপত্র তুলে দেন। উপস্থিত ছিলেন দলের একাধিক শীর্ষ নেতা, পাশাপাশি ছিলেন রাবড়ি দেবীও।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, তেজস্বীর নেতৃত্বেই সাম্প্রতিক সময়ে একের পর এক নির্বাচনে ভরাডুবির মুখ দেখেছে আরজেডি। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দল সরকার গঠনে ব্যর্থ হয়। পরবর্তী বিধানসভা নির্বাচনে দল কার্যত কোণঠাসা হয়ে পড়ে। লোকসভা নির্বাচনেও একই ছবি ধরা পড়েছে। এর পাশাপাশি সংগঠনের ভিতরকার অসন্তোষ ও পরিবারে প্রকাশ্য বিভাজন পরিস্থিতিকে আরও জটিল করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব ইতিমধ্যেই পরিবার থেকে আলাদা। তেজস্বী ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পরিবারের অন্য সদস্যদের মধ্যেও দূরত্ব বেড়েছে। এমন পরিস্থিতিতে তেজস্বীর আমলে দল বা পরিবার—কোনওটাই যে মসৃণভাবে চলছে না, সে প্রশ্নও উঠছে রাজনৈতিক মহলে। তবু তাঁকেই নেতৃত্বে ‘প্রমোশন’ দিলেন লালু।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লালুপ্রসাদের সামনে কার্যত বিকল্প পথ ছিল না। তেজপ্রতাপের রাজনৈতিক পরিপক্বতা ও গ্রহণযোগ্যতা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। কন্যাদের মধ্যে কেউই সংগঠনের সর্বোচ্চ নেতৃত্বে বসার মতো জনপ্রিয় মুখ নন। মিসা ভারতী তুলনামূলক পরিচিত হলেও দল সামলানোর মতো গ্রহণযোগ্যতা তাঁরও নেই। ফলে বাধ্য হয়েই আরজেডির ভবিষ্যৎ নেতৃত্বের ভার তেজস্বী যাদবের কাঁধেই তুলে দিলেন লালুপ্রসাদ যাদব।
