নিউজপোল ব্যুরো: রাজ্যে শিল্পের পরিসর বাড়ানো, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করাকে সামনে রেখে হলদিয়া থেকে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার হলদিয়া পেট্রোকেমিক্যালসে ফেনল প্ল্যান্টের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, আগামী দিনে বাংলার শিল্পক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।
হলদিয়ায় ফেনল প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাতা নয়, আত্মনির্ভর বাংলা গড়ার কথা বলেন। অর্থাৎ তিনি বলেন নতুন কারখানা তৈরি নয়, বরং রাজ্যের যুবক-যুবতীদের জন্য স্থায়ী কাজের সুযোগ তৈরি করা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শক্তিশালী করা এবং নতুন বিনিয়োগ আকর্ষণ করা।
রাজ্যের শিল্প মানচিত্রে হলদিয়ার গুরুত্ব আরও বাড়ানোর ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা, বাংলায় নতুন করে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ আসতে পারে। হলদিয়ায় পেপসির কারখানা তৈরির পরিকল্পনার পাশাপাশি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে ৫০ একর জমি দেওয়ার কথাও জানান তিনি। আগামী এক বছরের মধ্যে এই শিল্পাঞ্চলে উন্নয়নের নতুন ছবি দেখা যাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। নতুন শিল্পের হাত ধরে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির দিকেও নজর দেওয়া হচ্ছে।
অন্যদিকে, হলদিয়ার শিল্পক্ষেত্রে কর্মরত শ্রমিকদের চিকিৎসার জন্য উন্নত পরিকাঠামো গড়ার পরিকল্পনাও সামনে আনেন তিনি। শিল্পাঞ্চলে দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা পেতে সমস্যার অভিযোগের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, সেখানে ৫০ শয্যার ট্রমা সেন্টার তৈরি করা হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসার পাশাপাশি অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য বিশেষ বার্ন ইউনিটও থাকবে এই পরিকাঠামোয়। শিল্পের প্রসারের সঙ্গে শ্রমিকদের চিকিৎসার সুযোগ বাড়ানোর বিষয়টিও যে গুরুত্ব পাচ্ছে, তাঁর ঘোষণায় সেই ইঙ্গিত মিলেছে।
