নিউজ পোল ব্যুরো: ঝটিকা সফরে বুধবার পশ্চিমবঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে এবারের সফরটি ছিল সম্পূর্ণ অরাজনৈতিক। বিধানসভা ভোটের আগে রাজ্যে এলেও কোনও দলীয় কর্মসূচিতে অংশ নেননি তিনি। ধর্মীয় অনুভূতি থেকেই তাঁর এই সফর নদিয়ার মায়াপুরে ইসকনে অনুষ্ঠিত শ্রীমৎ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের ১৫২তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ (Amit Shah)।
মায়াপুরে পৌঁছে ‘হরে কৃষ্ণ’ ধ্বনি উচ্চারণ করে বক্তৃতা শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্ট করে জানান, এদিন তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) হিসেবে নন, বরং শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন সাধারণ ভক্ত হিসেবে মায়াপুরে এসেছেন। মঞ্চে রাজ্য বিজেপির একাধিক নেতা উপস্থিত থাকলেও কোথাও দলীয় পতাকা বা রাজনৈতিক চিহ্ন দেখা যায়নি।
বক্তৃতায় অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর মাধ্যমে উপস্থিত ভক্তদের জন্য ‘হরে কৃষ্ণ’ বার্তা পাঠিয়েছেন। তিনি উল্লেখ করেন, ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং ভক্তিবেদান্ত প্রভুপাদ এই দুই মহাপুরুষ চৈতন্য মহাপ্রভুর শুরু করা ভক্তি আন্দোলনকে শুধু এগিয়ে নিয়ে যাননি, বরং আধুনিক রূপ দিয়ে যুবসমাজ ও বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন।
অমিত শাহের কথায়, ভালো ও খারাপ দু’টিই মানুষের জীবনের অংশ। কিন্তু শ্রীকৃষ্ণের স্মরণে গেলে মন শান্ত হয় এবং জীবনের সব বাধা অতিক্রম করা সম্ভব হয়। তিনি আরও বলেন, আধুনিকতা কখনও ধর্মের শত্রু নয়। প্রকৃত ভক্তি মানুষকে আরও সংযত, মানবিক ও দায়িত্বশীল করে তোলে।
মায়াপুরকে ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখান থেকে পাওয়া আধ্যাত্মিক শক্তি নিয়ে তিনি আবার দেশসেবার কাজে ফিরে যাবেন। ভোটমুখী বাংলায় এসে একটিও রাজনৈতিক মন্তব্য না করে শেষ পর্যন্ত ‘হরে কৃষ্ণ’ ধ্বনির মধ্য দিয়েই নিজের বক্তব্য শেষ করেন অমিত শাহ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
