Durgapuja 2026:প্রতিমা গড়ার হাতেই ফুটছে পৌরাণিক কাহিনি, কান্দির কলেজ পড়ুয়া অর্ণবের ১৪ ফুটের পটচিত্র পাড়ি দিচ্ছে সিউড়িতে

অন্য রকম পূজা

নিউজপোল ব্যুরো:  পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চা। প্রতিমা তৈরির অভিজ্ঞতাকে সঙ্গী করেই এবার প্রথমবার ১৪ ফুটের পটচিত্র তৈরি করলেন মুর্শিদাবাদের কান্দির কলেজ পড়ুয়া অর্ণব পাল। তাঁর তুলির টানে ফুটে উঠছে বাংলার লোকশিল্পের ঐতিহ্য এবং পৌরাণিক নানা কাহিনি। কান্দির গণ্ডি পেরিয়ে অর্ণবের এই শিল্পকর্ম এবার শোভা পাবে বীরভূমের সিউড়ি শহরের একটি দুর্গাপুজোর মণ্ডপে। বর্তমানে চলছে পটচিত্রের শেষ মুহূর্তের কাজ।

কান্দি শহরের রাধাবাজার এলাকার বাসিন্দা অর্ণব রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজের পঞ্চম সেমিস্টারের ছাত্র। পড়াশোনার পাশাপাশি বিগত কয়েক বছর ধরে প্রতিমা তৈরির কাজের সঙ্গে যুক্ত তিনি। তবে এবছরই প্রথম এত বড় আকারের পটচিত্র আঁকার দায়িত্ব নিয়েছেন। সেই কাজই এখন তাঁর শিল্পীসত্তার নতুন পরিচয় হয়ে উঠেছে।

অর্ণবের তৈরি ১৪ ফুটের পটচিত্রে জায়গা পেয়েছে মা দুর্গা, মা কালী, রাম ও লক্ষ্মণ-সহ বিভিন্ন দেবদেবীর অবয়ব। পাশাপাশি ফুটে উঠেছে নানা পৌরাণিক কাহিনি। বাংলার প্রাচীন শিল্পধারাকে নতুনভাবে তুলে ধরার এই প্রচেষ্টা ইতিমধ্যেই নজর কাড়ছে।

পড়াশোনার ব্যস্ততার মধ্যেও নিজের শিল্পকর্মকে এগিয়ে নিয়ে যেতে চান অর্ণব। তাঁর হাতের পটচিত্র এবার সিউড়ির পুজোমণ্ডপে কতটা আকর্ষণ তৈরি করে, সেদিকেই তাকিয়ে শিল্পপ্রেমীরা।