নিউজপোল ব্যুরো:বাঙালি মানেই দুর্গাপূজা সে দেশে হোক বা প্রবাসে। শরত এলেই তাদের মন মাতোয়ারা হয় দুর্গাপুজোর টানে ।বাঙালি দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও তাদের আনন্দে ভাটা পড়ে না ।
সেই আবেগ ও বাঙালির ঐতিহ্যকে সামনে রেখেই জার্মানির বার্লিনে আয়োজিত হতে চলেছে ‘বার্লিন সর্বজনীন দুর্গোৎসব ২০২৬’। ‘ইগনাইট ই ভি’-র উদ্যোগে বার্লিনের শ্রী গণেশ টেম্পল, হ্যাসেনহাইড ১০৬, ১০৯৬৭ বার্লিনে ছ’দিন ধরে চলবে এই উৎসব।
আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, এবারের দুর্গোৎসবের উদ্বোধন করবেন জার্মানিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অজিত গুপ্তা। উৎসবের প্রতিটি দিনেই থাকছে পুজোর নানা আচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারতীয় ও জার্মান শিল্পীদের পরিবেশনায় জমে উঠবে সন্ধ্যাগুলি।পুজোর দিনগুলিতে থাকছে বাঙালির ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থাও।
জাতি, ভাষা ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে সকলের জন্য উন্মুক্ত এই উৎসবে ১০ হাজারেরও বেশি মানুষের সমাগম হবে বলে মনে করছেন আয়োজকরা। প্রবাসের মাটিতে বাঙালির শিকড়, ঐতিহ্য ও শারদোৎসবের আবেগকে এক সুতোয় বাঁধাই এই আয়োজনের মূল লক্ষ্য।
