পুজোর আগে প্রশাসনে বড়সড় উদ্যোগ, পুলিশের হাতে ৯০০ যানচালক নিয়োগের ঘোষণাও মুখ্যমন্ত্রীর

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:   পুজোর আগে রাজ্যের পুলিশি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেডে রাজ্য পুলিশের একটি অনুষ্ঠানে জরুরি পরিষেবার জন্য ১১২ নম্বর চালু করার পাশাপাশি রাজ্য ও কলকাতা পুলিশের হাতে মোট ৯০০টি যান তুলে দেন তিনি। এর মধ্যে ৪৫০টি গাড়ি এবং ৪৫০টি মোটরবাইক রয়েছে।

প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, প্রতিটি থানায় একটি করে গাড়ি ও মোটরবাইক দেওয়া হবে। আগামী এক বছরের মধ্যে প্রতিটি থানায় চারটি করে গাড়ি ও বাইকের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, যানবাহন চালানোর জন্য ১,৫০০ জন চালক নিয়োগের ঘোষণাও করেন তিনি।

পুলিশের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি থানাগুলির বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বেশ কিছু থানার ভবন ও আসবাবপত্রের অবস্থা পুরনো। অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নতি-সহ প্রয়োজনীয় পরিকাঠামো সংস্কারের উপর জোর দেন তিনি।

এদিন পুলিশি নিয়োগ, মহিলা সুরক্ষা এবং নেশাদ্রব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথাও বলেন মুখ্যমন্ত্রী। তোলাবাজি রুখতে দল বা ধর্মের পরিচয় না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। তাঁর দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কাজের ধরন ও পরিকাঠামো—দুই ক্ষেত্রেই পরিবর্তন আনা হবে।