নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের রাজ্য পুলিশের প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। শনিবার জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একসঙ্গে মোট ২৭ জন আইপিএস আধিকারিককে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার পদে পরিবর্তনকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিশেষ আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন:Anandapur Fire:ভয়াবহ আগুনের পর ভয়ংকর সত্য! আনন্দপুরে মিলল ২৭টি দেহাংশ
বিজ্ঞপ্তি অনুযায়ী, মুর্শিদাবাদের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন ধৃতিমান সরকার। এতদিন তিনি এসএস (আইবি) পদে কর্মরত ছিলেন। বর্তমান পুলিশ সুপার কুমার সানি রাজকে সরিয়ে তাঁকে এসএস (আইবি)-তেই পাঠানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি ঝাড়খণ্ডে বেলডাঙার এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে মুর্শিদাবাদের একাধিক এলাকায় উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ জনতা পথ ও রেল অবরোধ করে, চলে ভাঙচুর। টানা দু’দিন ধরে অশান্ত পরিস্থিতি বজায় ছিল। সোশাল মিডিয়া ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ৩৬ জনকে গ্রেপ্তার করে। শনিবারই এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এর মধ্যেই জেলার শীর্ষ পুলিশ আধিকারিক বদলি হওয়ায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
এছাড়াও রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুলিশ পদে রদবদল হয়েছে। চন্দননগর পুলিশের কমিশনার অমিত পি জাভালগিকে বর্ধমান রেঞ্জের আইজিপি হিসেবে নিয়োগ করা হয়েছে। এর আগে তাঁকে বারাসাত রেঞ্জের আইজিপি করা হলেও সেই নির্দেশ বাতিল করা হয়। পশ্চিমবঙ্গ ট্রাফিক পুলিশের ডিআইজি অলোক রাজোরিয়াকে বর্ধমান রেঞ্জের ডিআইজি করা হয়েছে, তাঁর ক্ষেত্রেও আগের বদলির নির্দেশ প্রত্যাহার করা হয়েছে। আইপিএস দেবর্ষি দত্তকে সিআইডি থেকে এসআরপি শিয়ালদহে পাঠানো হয়েছে। বনগাঁ পুলিশ জেলার সুপার দিনেশ কুমার হয়েছেন কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের ডেপুটি কমিশনার। আইপিএস পুষ্পাকে এসআরপি হাওড়া থেকে বদলি করে বিধাননগর জোনের ডেপুটি কমিশনার করা হয়েছে। জে মার্সি আইপিএসকে এসআরপি শিয়ালদহ থেকে সিআইডি-র এসএস পদে পাঠানো হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
একই সঙ্গে প্রদীপ কুমার যাদব, রাজ নারায়ণ মুখোপাধ্যায়, রাহুল গোস্বামী, প্রবীণ প্রকাশ, প্রিয়ব্রত রায়, দীপক সরকার, ইন্দ্রজিৎ বসু, বিশ্বচাঁদ ঠাকুর, বিদিশা কলিতা দাস, প্রতীক্ষা ঝারখারিয়া, অরিশ বিলাল, যশপ্রীত সিং, অম্লান কুসুম ঘোষ, অনুরাধা মণ্ডল, অমিত ভার্মা ও চারু শর্মা—সহ আরও একাধিক আইপিএস আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইপিএস শচীনকে নিউ টাউন থানা থেকে ডাবগ্রাম র্যাফ ব্যাটালিয়নের কোম্পানি অফিসার করা হয়েছে। জ্যোতির্ময় রায়কে ইএফআর প্রথম ব্যাটালিয়ন থেকে নিউ টাউন থানার ওসি হিসেবে পাঠানো হয়েছে। নির্বাচনের আগে এই ব্যাপক রদবদল রাজ্য প্রশাসনের কৌশলগত প্রস্তুতির দিকেই ইঙ্গিত করছে।
