Gyanesh Kumar : বাংলায় ভোট ঘোষণা শিগগিরই? তার আগেই সিইসি-র সফরে বিক্ষোভ ও রাজনৈতিক চাপানউতোর

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়েই বাংলার বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (Election Commission of India)। তার আগেই ভোট প্রস্তুতি ও প্রশাসনিক পরিস্থিতি খতিয়ে দেখতে দু’দিনের সফরে কলকাতায় এসেছে কমিশনের ফুল বেঞ্চ। রবিবার রাতে শহরে পৌঁছন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Gyanesh Kumar)। তবে তার এই সফর ঘিরেই শুরু থেকেই তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা (Gyanesh Kumar)। সোমবার সকালে বিমানবন্দর থেকে বেরোনোর সময়ই তাকে লক্ষ্য করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী–সমর্থকরা (TMC)। কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) চত্বরে ‘গো ব্যাক’ স্লোগান তুলতে দেখা যায় তাদের। শুধু স্লোগানেই থেমে থাকেননি বিক্ষোভকারীরা, কৈখালী এলাকায় মুখ্য নির্বাচন কমিশনারের কনভয় যাওয়ার সময় কালো পতাকাও দেখানো হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শুধু শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নয়, এদিন বিমানবন্দরের বাইরে ভিআইপি রোডেও বিক্ষোভে সামিল হন বাম কর্মী–সমর্থকরাও। তাদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধন এবং নাম বাদ যাওয়ার ঘটনাকে ঘিরে রাজ্যে বড়সড় অনিয়ম হয়েছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলেও শেষ পর্যন্ত পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং কঠোর নিরাপত্তার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : Weather Update : ভরা বসন্তে আবহাওয়ার বড় বদল! কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার ও মঙ্গলবার টানা একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করার পরিকল্পনা রয়েছে কমিশনের। শাসকদল তৃণমূলের তরফে এই বৈঠকে প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার (Rajeev Kumar)। তৃণমূলের পক্ষ থেকে কোনও বৈঠকে এই প্রথম প্রতিনিধিত্ব করতে চলেছেন তিনি। পাশাপাশি ওই প্রতিনিধিদলে থাকবেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য। শুধু রাজনৈতিক দল নয়, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। জেলাশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা হবে। এমনকি বুথ লেভেল অফিসারদের (BLO) সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। দু’দিনের এই সফরে কমিশনের সূচি যথেষ্ট ব্যস্ত। এর মাঝেই মুখ্য নির্বাচন কমিশনারের কালীঘাট মন্দির (Kalighat Temple) এবং বেলুড় মঠ (Belur Math) দর্শনে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এদিকে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR) ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। ২০২৫ সালের ২৭ অক্টোবর এই প্রক্রিয়া শুরু হয়। সেই সময় রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর দেখা যায় প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম বাদ পড়েছে। পরে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় রাজ্যের মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ৭ কোটি ০৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ফর্ম ৭ (Form 7) জমা পড়ার পর প্রায় ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। পাশাপাশি এখনও প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম নিয়ে আপত্তি ও যাচাই প্রক্রিয়া বিচারাধীন রয়েছে। এত বড় সংখ্যায় নাম বাদ যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। ফলে এই পরিস্থিতিতে মুখ্য নির্বাচন কমিশনার কী বার্তা দেন এবং কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের।