Arabul Islam:আরাবুলের দলবদলের জল্পনার মাঝেই হামলা! রাতের অন্ধকারে গাড়ি লক্ষ্য করে বোমাবাজি ভাঙড়ে

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:আইএসএফ ছাড়ার ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রাক্তন আইএসএফ নেতা আরাবুল ইসলামের (Arabul Islam) গাড়ি লক্ষ্য করে বোমা ও ইট ছোড়ার অভিযোগ উঠল। রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে তাঁর গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে।

আরও পড়ুন:Maharashtra:আইফোনের বায়না থেকে মর্মান্তিক পরিণতি! পাহাড় থেকে লাফ তরুণের, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-বাবারও!

পুলিশ সূত্রে খবর, পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আরাবুলের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ। পাশাপাশি ইটও ছোড়া হয় বলে দাবি। তবে হামলায় আরাবুল বা গাড়িতে থাকা অন্য কেউ আহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কে বা কারা এই হামলার নেপথ্যে, তা এখনও জানা যায়নি। রাজনৈতিক শত্রুতা, নাকি আরাবুলের সাম্প্রতিক দলত্যাগের সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, শুক্রবারই আচমকা আইএসএফ ছাড়ার কথা ঘোষণা করেন ভাঙড়ের পরিচিত নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পদত্যাগের কথা জানান তিনি। আইএসএফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি দলের নেতৃত্বে নওশাদ সিদ্দিকির ‘একগুঁয়েমি’ নিয়েও সরব হন আরাবুল।

দল ছাড়ার ঘোষণায় আরাবুল লিখেছিলেন, আইএসএফের ‘স্বৈরাচারী এবং একনায়কতন্ত্র’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই তিনি দল ছাড়ছেন। ভাঙড়জুড়ে মানুষের উপর ‘অত্যাচার-অনাচার’ চলছে বলেও অভিযোগ করেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

এর মধ্যেই শুক্রবার আরাবুলকে দেখা যায় তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং তৃণমূল নেতা শওকত মোল্লা-ঘনিষ্ঠ খায়রুল ইসলামের সঙ্গে। দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই ভাঙড়ের রাজনৈতিক মহলে শুরু হয় জোর জল্পনা। তার পরেই আরাবুলের আইএসএফ ছাড়ার ঘোষণা নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা আরও বাড়িয়ে দেয়।

আরাবুল কি তৃণমূলে ফিরবেন? নাকি নতুন কোনও রাজনৈতিক সমীকরণ তৈরি হবে? সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। তার মধ্যেই গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগে নতুন করে উত্তপ্ত ভাঙড়। ফলে আরাবুলের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের পাশাপাশি এই হামলার নেপথ্যে কারা, সেদিকেও নজর এখন রাজনৈতিক মহলের।