CEC-বিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ দিল্লি, ইটবৃষ্টিতে জখম পুলিশকর্মী

দেশ রাজনীতি

নিউজপোল ব্যুরো: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত রাজধানী দিল্লি। শনিবার, ১০ অক্টোবর, বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে একাধিক এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যারিকেড বসানোর পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-এর কর্মীরা মিছিল চলাকালীন পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা) এবং বামপন্থী সংগঠনগুলির কর্মীরাও বিক্ষোভে সামিল হন। এই ঘটনায় একাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে খবর।

কনট প্লেসে পিটিআই ভবনের সামনে পাথর ছোড়ার ঘটনায় দুই পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আকাশবাণী ভবনের সামনেও পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষের সময় দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর বজরং যাদবও আহত হন বলে খবর।

এদিকে, সুপ্রিম কোর্ট থেকে যন্তর মন্তরের দিকে মিছিল করার সময় তিলক মার্গে কয়েকজন আইনজীবীকে আটক করে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে যন্তর মন্তর সংলগ্ন এলাকায় পুলিশ, র‍্যাফ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ইন্ডিয়া গেটের সংযোগকারী কয়েকটি রাস্তাও বন্ধ রাখা হয়েছে।

বিক্ষোভের জেরে রাজধানীর একাধিক এলাকায় নিরাপত্তা ও যান চলাচলে প্রভাব পড়েছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।