নিউজপোল ব্যুরো: উত্তাল রাজধানী যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই ধরপাকড় ঘিরে চর্চা শুরু হয়েছে। শনিবার, ১০ অক্টোবর,মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’র ডাকে বিক্ষোভ কর্মসূচি ছিল। তবে সেই কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই দলের প্রধান অভিজিৎ দিপকে এবং জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ।
সূত্রের খবর, শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে বিমানের ভিতর থেকেই অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ। বিমানের ভিতরে পুলিশ প্রবেশ করার মুহূর্ত ইনস্টাগ্রামে লাইভ করেন অভিজিৎ। সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের বচসাও হয়। অভিজিৎকে বলতে শোনা যায়, বাইরে আসার অপেক্ষা না করেই কেন বিমানের ভিতরে পুলিশ ঢুকেছে। পাশাপাশি, তাঁরা ভয় পান না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার সমাজমাধ্যমে বিক্ষোভে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন ধ্রুব রাঠি। পরদিনই তাঁর আটক হওয়ার খবর সামনে আসায় নতুন করে চর্চা শুরু হয়েছে। ককরোচ জনতা পার্টির ডাকে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে জার্মানি থেকে ভারতে এসেছিলেন জনপ্রিয় এই ইউটিউবার। কিন্তু কর্মসূচি শুরুর আগেই গুরুগ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, শনিবার ভোরে গুরুগ্রামের সেক্টর ৫৬-এ ধ্রুবর বাড়িতে পৌঁছায় দিল্লি পুলিশের একটি দল। সেখানে প্রায় ৫০ জন পুলিশকর্মী ছিলেন বলে দাবি করা হয়েছে। ধ্রুবর আটকের খবর প্রকাশ্যে আসতেই তাঁর মুক্তির দাবিতে সরব হয় ককরোচ জনতা পার্টি। দলের বক্তব্য, যাঁরা সরকারের কাছে প্রশ্ন তুলছেন এবং নিজেদের মত প্রকাশ করছেন, তাঁদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে বেঙ্গালুরুতে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন ধ্রুব রাঠি। এবার দিল্লির কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই তাঁকে আটক করার ঘটনা বিক্ষোভকে ঘিরে পরিস্থিতি আরও আলোচনায় নিয়ে এসেছে। তবে তাঁকে আটক করার নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।
