রোনাল্ডোর শাস্তি ৬ মাস থেকে কমে ১৫ দিন! পর্তুগাল ফেডারেশনের নিয়মে কোন পথে স্বস্তি সিআরসেভেনের?

ফুটবল

নিউজপোল ব্যুরো:জাতীয় দলের শিবির ছাড়ার ঘটনায় বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলাবিধি অনুযায়ী, সর্বোচ্চ ছ’মাসের নির্বাসনের আশঙ্কা তৈরি হলেও নিজের দোষ স্বীকার করে নেওয়ায় শাস্তির মেয়াদ কমার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট আইনি বিশেষজ্ঞের ব্যাখ্যা অনুযায়ী, তা কমে ১৫ দিনও হতে পারে।

গত ৩০ সেপ্টেম্বর পর্তুগালের জাতীয় শিবির ছেড়ে বেরিয়ে আসেন রোনাল্ডো। কোচ জর্জ জেসুসের সঙ্গে মতবিরোধ এবং ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে সুযোগ না পাওয়াকে কেন্দ্র করেই তাঁর ক্ষোভ তৈরি হয় বলে জানা যায়। এই ঘটনাকে ঘিরে শুরু হয় বিতর্ক।

সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন রোনাল্ডো। সম্ভাব্য শাস্তি ও জরিমানা মেনে নিতেও প্রস্তুত তিনি। আইনি বিশেষজ্ঞ গঞ্জালো আলমেদার মতে, ফেডারেশনের ১৬০ নম্বর ধারায় এক থেকে ছ’মাসের নির্বাসনের বিধান রয়েছে। তবে ২৪৪ নম্বর ধারা অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি সম্পূর্ণ ও নিঃশর্তভাবে নিজের দোষ স্বীকার করলে শাস্তির মেয়াদ অর্ধেক করার সুযোগ রয়েছে বলে ব্যাখ্যা করেছেন।

সেই হিসাবেই এক মাসের ন্যূনতম নির্বাসন কমে ১৫ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। জরিমানাও কমতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির হাতে। সবকিছু অনুকূলে থাকলে নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচে রোনাল্ডোর প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।