মহুয়া মৈত্রকে ২৪ ঘণ্টার ডেডলাইন! দু’টি পোস্ট মুছে ক্ষমা চাওয়ার দাবি মনোজ আগরওয়ালের, পাল্টা কী বললেন তৃণমূল সাংসদ?

breakingnews আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় করা দু’টি পোস্টকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আইনি নোটিস পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। নোটিসে ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত পোস্ট দু’টি মুছে ফেলার পাশাপাশি নিঃশর্ত লিখিত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য প্রকাশ না করার লিখিত প্রতিশ্রুতিও চাওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজ্যের প্রশাসনিক মহল ও রাজনৈতিক শিবিরে শুরু হয়েছে নতুন আলোচনা।

বিতর্কের সূত্রপাত এক্স হ্যান্ডেলে মহুয়ার একটি পোস্টকে কেন্দ্র করে। সেখানে সুব্রত গুপ্ত ও মনোজ আগরওয়ালের ছবি প্রকাশ করে তাঁদের বিরুদ্ধে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলেন কৃষ্ণনগরের সাংসদ। তাঁর পোস্টে এই দুই আধিকারিককে SIR প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ কারিগর বলে উল্লেখ করা হয়। পাশাপাশি তাঁদের কাজ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর পরেই কড়া প্রতিক্রিয়া জানান মনোজ আগরওয়াল। তাঁর বক্তব্য ছিল, আর নয়—আইনি দলের সঙ্গে আলোচনা করে মানহানির মামলা করা হবে। তাঁর দাবি, মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে ভোটার তালিকায় নাম যুক্ত করা বা বাদ দেওয়ার একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। নির্বাচন কমিশনের নির্দেশ ও আইন মেনেই সরকারি দায়িত্ব পালন করেছেন বলেও জানিয়েছেন তিনি। মনোজ আগরওয়ালের দাবি, মহুয়ার বক্তব্যে তাঁর সততা, পেশাগত দক্ষতা এবং ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই আইনি নোটিস পাঠানোর পদক্ষেপ করা হয়েছে বলে জানা যাচ্ছে। নোটিসে নির্দিষ্ট সময়ের মধ্যে পোস্ট সরানো, লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে একই ধরনের বক্তব্য থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেওয়ার কথা বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে পোস্ট সরানো বা ক্ষমা চাওয়ার বিষয়ে তাঁর পরবর্তী অবস্থানের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। SIR-কে কেন্দ্র করে চলা বিতর্কের মধ্যে এই আইনি সংঘাত পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।