নিউজপোল ব্যুরো: রাতে রাস্তার ধারে বাস পার্কিং নিয়ে নতুন নিয়মের কথা জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। রবিবার নারায়ণপুর স্টেডিয়াম ময়দানে উত্তর ২৪ পরগনা জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে উপস্থিত হয়ে মন্ত্রী জানান, রাতে রাস্তার ধারে বাস রাখলে নাইট পার্কিং (Night Parking) বাবদ ৭০০ টাকা দিতে হবে।
অর্জুন সিংয়ের দাবি, এই ব্যবস্থার ফলে একদিকে সরকারের আয় বাড়বে, অন্যদিকে বাস মালিকরাও নির্দিষ্ট নিয়ম মেনে নিশ্চিন্তে রাস্তার ধারে বাস রাখতে পারবেন। তাঁর কথায়, আগে রাতে রাস্তার ধারে বাস পার্কিংয়ের জন্য সরকারের ঘরে কোনও অর্থ জমা পড়ত না। নতুন ব্যবস্থায় সেই বিষয়টিকেই নিয়মের আওতায় আনা হচ্ছে।
আরও দেখুন:-আমার পরিবারের উপর আঘাত এলে ছেড়ে কথা বলব না, বিস্ফোরক রেখা পাত্র
এদিন প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েও মন্তব্য করেন পরিবহণ মন্ত্রী। তাঁর বক্তব্য, রাজনৈতিক নেতাদের শুধুমাত্র আমলাতন্ত্রের (Bureaucracy) উপর নির্ভর করলে চলবে না। রাজনৈতিক নেতৃত্বের ইচ্ছাশক্তিকেও কাজে লাগাতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দফতরে দক্ষ আধিকারিক নিয়োগ করছেন বলেও দাবি করেন তিনি।
ফুটবল প্রসঙ্গেও আক্ষেপ শোনা যায় অর্জুনের গলায়। তাঁর মতে, একসময় কলকাতার মাঠে জেলা ও শহরতলি থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের দাপট ছিল। এখন সেই জায়গা অনেকটাই বিদেশি খেলোয়াড়দের দখলে। জেলা ও শহরতলি থেকে নতুন প্রতিভা তুলে আনার উপর জোর দেন তিনি।
