বড়বাজারে ২০ লক্ষের জাল নোটের ছক! চার বান্ডিলে আসল টাকা মাত্র ৪ হাজার

রাজ্য

নিউজপোল ব্যুরো: বড়বাজারে ২০ লক্ষ জাল নোটের ছক। চারটি বান্ডিলের গায়ে লেখা ৫ লক্ষ টাকা করে। কিন্তু সামনে আসল আর ভিতরে সাদা কাগজ।

ওই বান্ডিলে মোট থাকার কথা ছিল ২০ লক্ষ টাকা। কিন্তু বান্ডিল খুলতেই দেখা গেল, উপরে ও নীচে রয়েছে আসল ৫০০ টাকার নোট, আর মাঝখানে সাজানো নোটের মাপে কাটা সাদা কাগজ। চারটি বান্ডিল মিলিয়ে আসল টাকা মাত্র ৪ হাজার।

পুলিশ সূত্রে খবর, গত ২৭ অক্টোবর স্ট্র্যান্ড রোড ও মীরবহর ঘাট স্ট্রিটের সংযোগস্থলে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় দুই যুবককে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিজয়পাল তানওয়ার ওরফে অরবিন্দ (২৩) এবং শিবা থাপা (২৪)-কে আটক করে বড়বাজার থানার পুলিশ। বিজয়পালের ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় চারটি বান্ডিল। প্রতিটির গায়ে একটি বেসরকারি ব্যাঙ্কের জাল লেবেল লাগানো ছিল।

তদন্তে নেমে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের সন্ধান পান তদন্তকারীরা। এরপর হাওড়ায় অভিযান চালিয়ে সুনীলকুমার বর্মা (৪৭) এবং গোপাল গুজ্জর (২৪)-কে গ্রেফতার করা হয়। তাঁদের কাছ থেকে একটি প্রিন্টার, পেপার কাটার এবং দু’বাক্স হোয়াইট বন্ড পেপার-সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।