কলকাতা পুলিশে ৫,৮৯৩ পদে নিয়োগে রাজ্যের অনুমোদন, কবে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি?

রাজ্য

নিউজপোল ব্যুরো: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুলিশে ৫ হাজার ৮৯৩টি শূন্যপদ পূরণের জন্য অনুমোদন দিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, গত ২৭ অক্টোবর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (WBPRB) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

অনুমোদিত শূন্যপদের মধ্যে রয়েছে ৪ হাজার ৩১৯টি কনস্টেবল, ৬৪৮টি সার্জেন্ট এবং ৪২৫টি সাব-ইনস্পেক্টর পদ। সাব-ইনস্পেক্টর পদের মধ্যে ৭০টি মহিলাদের জন্য সংরক্ষিত। অন্যদিকে, কনস্টেবল পদে ৪৩০ জন মহিলা নিয়োগের সংস্থান রয়েছে বলে জানানো হয়েছে

নিয়োগ প্রক্রিয়া মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। ফলে আবেদনকারী প্রার্থীদের সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে। আবেদনের যোগ্যতা, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার ধরন এবং আবেদনের শেষ তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের পরই জানা যাবে।

মুখ্যমন্ত্রী বলেন, “চাকরি ও কর্মসংস্থান নিয়ে রাজ্যবাসীর বিরাট প্রত্যাশা তৈরি হয়েছে। আগের সরকার চাকরি চুরি করেছিল। আমরা কথা অনুযায়ী ধাপে ধাপে ১ লক্ষ চাকরি দেব এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেব। আগের সরকার ক্ষমতায় থাকলে এই জট কোনওদিনই কাটত না। আমরা সেই সমস্যা দূর করে দ্রুততার সঙ্গে নিয়োগ সুনিশ্চিত করছি।”