নিউজ পোল ব্যুরো:ভোটগণনা ঘিরে নজরদারি জোরদার করছে তৃণমূল কংগ্রেস। দমদম–ব্যারাকপুর সাংগঠনিক জেলায় গণনা পর্যবেক্ষকের দায়িত্বে নিযুক্ত করা হল রাজ্যের প্রাক্তন পুলিশ ডিজি ও বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব কুমারকে (Rajeev Kumar)।
আরও পড়ুন:https://thenewspole.com/2026/05/03/west-bengal-vote-counting-bjp-control-room-amit-shah-kolkata/
শনিবার দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণনা প্রতিনিধিদের সঙ্গে হওয়া ওই বৈঠকে গণনার দিন কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে, তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, শুধু দমদম–ব্যারাকপুর নয়, রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলায় একাধিক বরিষ্ঠ নেতা ও সাংসদদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। আগের নির্বাচনের মতোই এবারও বিশেষ পর্যবেক্ষক নিয়োগের কৌশল নিয়েছে দল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানান, বুথফেরত সমীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তাঁর দাবি, বাজারে ইতিবাচক মনোভাব বজায় রাখার লক্ষ্যেই অনেক ক্ষেত্রে বিজেপিকে এগিয়ে দেখানো হচ্ছে। একই ধরনের অভিযোগ ২০২১ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তুলেছিল তৃণমূল নেতৃত্ব।
উল্লেখ্য, চলতি বছরের ৩১ জানুয়ারি ডিজি পদ থেকে অবসর নেন রাজীব কুমার (Rajeev Kumar)। পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি তাঁকে রাজ্যসভার প্রার্থী করে তৃণমূল এবং ৭ মার্চ তিনি সাংসদ হিসেবে শপথ নেন। রাজনৈতিক ভূমিকায় আসার পর এই প্রথমবার গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে দেখা যাচ্ছে তাঁকে।
দলীয় সূত্রের দাবি, বুথফেরত সমীক্ষা বা রাজনৈতিক জল্পনা নয়, বাস্তব ফলাফলের উপরই আস্থা রাখছে নেতৃত্ব। তাই গণনার দিন শেষ না হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা হবে। সব দিক বিবেচনা করে বলা যায়, ভোটগণনাকে ঘিরে কোনও রকম ঝুঁকি না নিয়ে আগাম প্রস্তুতিতেই জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস, যাতে গোটা প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং ফলাফল ঘোষণার দিনও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে।
