পাঁচ জায়গায় একসঙ্গে NIA- র তল্লাশি, জঙ্গি যোগের অভিযোগে শেখ জুম্মান গ্রেফতার, টেলিগ্রাম গ্রুপ ঘিরে তদন্তে বাড়ছে রহস্য

breakingnews অপরাধ দেশ রাজ্য

নিউজপোল ব্যুরো: জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগে ফের রাজ্যে গ্রেফতার। এবার জাতীয় তদন্তকারী সংস্থা NIA-র হাতে গ্রেফতার হলেন বজবজের শেখ জুম্মান হোসেন। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানের মাঝেই তাঁর গ্রেফতারের খবর সামনে আসে। তদন্তকারীদের দাবি, বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে তাঁর যোগাযোগের তথ্য মিলেছে।

শেখ জুম্মানকে কেন গ্রেফতার করা হয়েছে, সেই বিষয়েও NIA-র নথিতে কিছু তথ্য উল্লেখ রয়েছে। তাঁর বাবাকে দেওয়া গ্রেফতারি নোটিসে একাধিক ধারায় মামলা করার কথা বলা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, এই মামলায় আগে চার্জশিটভুক্ত কয়েকজনের সঙ্গে জুম্মানের যোগাযোগ ছিল। তাঁকে ‘Purva Akash’ নামে একটি র‍্যাডিক্যাল টেলিগ্রাম গ্রুপের সদস্য বলেও সন্দেহ করা হচ্ছে। এই গ্রেফতারের পাশাপাশি মঙ্গলবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণে একাধিক জায়গায় NIA-র তল্লাশি চলে। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর, পূর্ব বর্ধমান এবং ডায়মন্ড হারবারের কয়েকটি জায়গায় তদন্তকারীরা পৌঁছন বলে জানা গিয়েছে। একই মামলার সূত্র ধরেই এই অভিযান বলে খবর। অসমেরও কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

তদন্তকারীদের বক্তব্য অনুযায়ী, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা কয়েকজন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ‘ইমাম মাহমুদের কাফিলা’ বা IMK-র কার্যকলাপ বাড়ানোর চেষ্টা করছিল। অনলাইন গ্রুপের মাধ্যমে যোগাযোগ, মতাদর্শ ছড়ানো এবং নতুন সদস্যদের কাছে পৌঁছনোর মতো বিষয় তদন্তে উঠে এসেছে বলে দাবি NIA-র।

প্রথমে স্থানীয় পুলিশের তদন্তে এই মডিউল সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়। পরে সেই তদন্তের দায়িত্ব নেয় NIA। অসম থেকে কয়েকজনকে গ্রেফতার করার পর তদন্ত আরও বিস্তৃত হয়। সেই সূত্রেই পশ্চিমবঙ্গের কয়েকজনের সঙ্গে যোগাযোগের তথ্য সামনে এসেছে বলে তদন্তকারীদের দাবি।