হোমস্টেতে কী ঘটেছিল? তরুণীর মৃত্যু ঘিরে পুলিশের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

breakingnews দেশ

নিউজপোল ব্যুরো: গুয়াহাটির ধারাপুর এলাকার একটি হোমস্টেতে ২২ বছরের এক তরুণীর রহস্যময় মৃত্যুকে ঘিরে তদন্ত জোরদার করেছে পুলিশ। মৃতা গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা ২৬ বছরের এক যুবককে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য এবং ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী ও যুবক কিছুদিন ধরে হোমস্টেটিতে যাতায়াত করছিলেন। ঘটনার রাতে দু’জনের মধ্যে বচসা হয়েছিল বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পরে তরুণী তাঁর মাকে ফোন করেছিলেন বলে জানা যায়। এরপরই পরিস্থিতি বদলে যায়।

আরও দেখুন:-জেন জি-র সঙ্গে সম্পর্ক মজবুত করতে বিজেপির উদ্যোগ, কলকাতায় নীতিনের বার্তা

তরুণীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়ায় বিষয়টি নিয়ে আরও প্রশ্ন তৈরি হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

এদিকে হোমস্টে এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে অতিথিদের পরিচয় যাচাই ও নথি সংরক্ষণে গাফিলতির অভিযোগও সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখেই তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।