জেন জি-র সঙ্গে সম্পর্ক মজবুত করতে বিজেপির উদ্যোগ, কলকাতায় নীতিনের বার্তা

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর তৃতীয়বার কলকাতায় এসে এ বার সাংগঠনিক বৈঠকের গণ্ডি পেরিয়ে নতুন প্রজন্মের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নিলেন নীতিন নবীন। উত্তর শহরতলির কৈখালিতে আয়োজিত ‘যুব ভারত সংলাপ’ অনুষ্ঠানে জেন জি-র একাংশের সঙ্গে হালকা মেজাজে কথা বলেন তিনি। সোশ্যাল মিডিয়ার ভাষা ব্যবহার করেই তরুণ প্রজন্মের কাছে নিজের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন বিজেপি সভাপতি।

নীতিনের বক্তব্যে উঠে আসে ‘রিল’ এবং ‘রিয়েল’-এর প্রসঙ্গ। তাঁর কথায়, সোশ্যাল মিডিয়ায় সেই রিলই বেশি সাড়া ফেলে, যার সঙ্গে বাস্তবতার যোগ রয়েছে। একইসঙ্গে নতুন প্রজন্মকে খেলাধুলো ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। মোবাইলনির্ভরতা কমিয়ে তরুণদের মাঠমুখী করার জন্য রাজ্য সরকারের উদ্যোগের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন নীতিন।

তাঁর পরামর্শ, তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা দরকার, যেখানে তাঁরা শুধু চাকরি খোঁজার পরিবর্তে কর্মসংস্থান তৈরির সুযোগ পাবেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নতুন প্রজন্মের সঙ্গে সরাসরি কথোপকথনের বার্তা দেন। তিনি জানান, খুব শিগগিরই জেন জ়ি-র সঙ্গে চা-চক্রে বসে তাঁদের প্রশ্ন শোনার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে সরকারের কাজের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।