‘এক হাতে জামাত, অন্য হাতে দিমাগি নকশাল’, মমতাকে নিশানা শুভেন্দুর

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:INDIA জোটের বৈঠককে কেন্দ্র করে ফের রাজনৈতিক আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু হয়েছে। দিল্লিতে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজধানী সফরকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, মমতা ‘দিমাগি নকশালদের’ সঙ্গে বৈঠক করতে দিল্লি যাচ্ছেন। একইসঙ্গে ‘এক হাতে জামাত, অন্য হাতে দিমাগি নকশাল’ মন্তব্য করে মমতার রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শুভেন্দুর বক্তব্য, দেশের ভিতরে থেকে ‘আজাদি’ স্লোগান দেওয়া নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। পুলিশ ও গোয়েন্দা সংস্থাকেও বিষয়টির দিকে নজর রাখার বার্তা দেন তিনি। তাঁর দাবি, দেশবিরোধী শক্তির সঙ্গে যাতে কোনও ধরনের যোগাযোগ বা বৈঠক না হয়, সেদিকে নজর রাখা প্রয়োজন।

আরও দেখুন:-জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের বৈঠক, বুধবার দিল্লিতে INDIA জোট

প্রসঙ্গত, কয়েক দিন আগে শ্রীরামপুরের সভা থেকে ‘আজাদি’ শব্দ ব্যবহারের পক্ষে সওয়াল করেছিলেন মমতা। তাঁর বক্তব্য ছিল, আজাদি মানে স্বাধীনতা, তাই এই শব্দ বলার মধ্যে আপত্তির কিছু নেই। সেই মন্তব্যের পরই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন শুভেন্দু।

এদিকে মঙ্গলবার দিল্লি রওনা হওয়ার আগে মমতা জানান, নির্বাচন কমিশনের বিরুদ্ধে INDIA জোটের বৈঠক রয়েছে বলেই তিনি রাজধানীতে যাচ্ছেন। বৈঠককে ঘিরে বিরোধী ও শাসক শিবিরের রাজনৈতিক চাপানউতোর আরও জোরদার হয়েছে।