নিউজ পোল ব্যুরো:হাওড়া ও শিয়ালদা রেলস্টেশন চত্বর ঘিরে দীর্ঘদিনের অবৈধ দখল, অস্থায়ী নির্মাণ এবং বেআইনি ব্যবসার বিরুদ্ধে বৃহৎ উচ্ছেদ অভিযান শুরু করল রাজ্যের বিজেপি সরকার। রবিবার সকাল থেকেই দুই গুরুত্বপূর্ণ রেলস্টেশন সংলগ্ন এলাকায় বুলডোজার নামিয়ে অভিযান চালায় রেল পুলিশ ও প্রশাসন। উচ্ছেদ করা হয় একাধিক অস্থায়ী দোকান, ঝুপড়ি ও অবৈধ কাঠামো। এই অভিযানের মাঝেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের বুকদা এলাকায় এক চা-চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সরকারি জমি কিংবা রেলের জায়গা বেআইনিভাবে দখল করে রাখার প্রবণতা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
আরও পড়ুন:Khudiram Tudu:‘আদিবাসী উন্নয়নের টাকা অন্য প্রকল্পে খরচ’, মমতার বিরুদ্ধে কড়া অভিযোগ রাজ্য মন্ত্রীর!
দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “অবৈধ দখল কোনও পরিস্থিতিতেই মেনে নেওয়া হবে না। যেখানে বেআইনি নির্মাণ বা জবরদখল থাকবে, সেখানেই বুলডোজার চলবে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই ধরনের অভিযান শুরু হয়েছে। যারা অবৈধ ব্যবসা বা দখলের সঙ্গে যুক্ত, তাঁদের কাছে আবেদন— আইনি পথে ব্যবসা করুন। সরকার সহযোগিতা করবে। কিন্তু বেআইনি দখল নিজে থেকে সরিয়ে না নিলে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে।”
সরকারি জমি ও রেলের সম্পত্তি দখল করে ব্যবসা কিংবা বসবাসের প্রবণতার বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান তিনি। তাঁর অভিযোগ, তৃণমূলের নেতাদের মদতে একাংশ দালাল ও দুষ্কৃতী সরকারি জমি অবৈধভাবে দখল করে মুনাফা লুটছে। সেই সমস্ত দখলদারি সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই হাওড়া ও শিয়ালদা স্টেশন চত্বরে অবৈধ দোকানপাট, ঝুপড়ি এবং অস্থায়ী নির্মাণের জেরে যাত্রী চলাচলে সমস্যা তৈরি হচ্ছিল। বিশেষ করে স্টেশনের প্রবেশপথ ও প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় বেআইনি দখল নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই প্রেক্ষিতেই যৌথভাবে রেল কর্তৃপক্ষ ও রাজ্য প্রশাসন এই উচ্ছেদ অভিযান শুরু করেছে।
তবে প্রশাসনের এই পদক্ষেপে ক্ষোভও প্রকাশ করেছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদারের দাবি, “বহু বছর ধরে এখানে ব্যবসা করছি। আচমকা উচ্ছেদ করলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করলে সমস্যায় পড়তে হবে।”
প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে সংশ্লিষ্টদের নোটিস দেওয়া হচ্ছে। যারা স্বেচ্ছায় জায়গা খালি করছেন না, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হাওড়া ও শিয়ালদার পাশাপাশি রাজ্যের আরও একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় একই ধরনের উচ্ছেদ অভিযানের প্রস্তুতি চলছে বলেও প্রশাসনিক সূত্রে খবর।
