মেট্রোপলিটন মোড়ে মাঝরাস্তায় জ্বলল সেডান, আগুন লাগতেই উধাও গাড়ির মালিক!

breakingnews কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: সাতসকালে ইএম বাইপাসে দাউদাউ করে জ্বলল একটি সেডান গাড়ি। রবিবার সকালে চিংড়িহাটা ও সায়েন্স সিটির মাঝামাঝি মেট্রোপলিটন মোড়ের কাছে ঘটনাটি ঘটে। সায়েন্স সিটিগামী লেনে রাস্তার মাঝখানেই আচমকা গাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশের এলাকা।

তবে এই ঘটনায় সবচেয়ে বেশি রহস্য তৈরি হয়েছে গাড়ির চালক ও আরোহীদের নিয়ে। আগুন লাগার পর ঘটনাস্থলে তাঁদের কাউকেই পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আগুন দেখতে পেয়েই গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে সরে যান তাঁরা। তবে কেন গাড়িটি রাস্তার মাঝখানে ফেলে তাঁরা চলে গেলেন, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনাস্থলের কাছে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীরা আগুন দেখতে পেয়ে দ্রুত ছুটে আসেন। খবর পেয়ে প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার সকাল হওয়ায় রাস্তা তুলনামূলক ফাঁকা থাকায় যান চলাচলে বড়সড় প্রভাব পড়েনি।

গাড়িটির মালিক ও আরোহীদের পরিচয় জানতে নম্বর প্লেট এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি যান্ত্রিক ত্রুটি, শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে আগুন, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।