নিউজ পোল ব্যুরো: কসবার ল-কলেজের ঘটনায় উত্তাল বাংলা। রেশ গিয়ে পড়েছে দিল্লিতেও। তদন্ত যত এগাচ্ছে ততই সামনে আসছে মূল অভিযুক্তের একাধিক কুকীর্তি। ঘটনার ও প্রমাণের প্রেক্ষিতেই এবার সাউথ ক্যালকাটা ল-কলেজ (Kasba Law College ) অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানাল গর্ভনিং বডি। ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ওয়েবসাইটে।
গত শুক্রবার সামনে আসে কসবার ল-কলেজের ভিতরে আইনেরই এক ছাত্রীকে গণধর্ষণের খবর। আরজি করের ঘটনার এক বছর হয়নি তার মধ্যেই ফের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের ঘটনা নিয়ে উত্তাল হয়েছে রাজ্য। নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগে জানায় গত বুধবার তাঁকে কলেজে ডাকা হয়। সেখানেই তাঁকে দেওয়া হয় বিয়ের প্রস্তাব। সেই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকি সেই ঘৃণ্য কাজের ভিডিও করে রাখাও হয়। কাউকে এই বিষয়ে কিছু জানালে ভিডিও ভাইরাল করা হবে বলেও দেওয়া হয় হুমকি। এই সমস্ত কিছু নিয়েই কসবা থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিতা। অভিযোগ পাওয়ার ১২ ঘন্টার মধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মূল অভিযুক্ত হিসেব মনোজিৎ মিশ্রকে চিহ্নিত করা হয়েছে।
কসবার ঘটনায় (Kasba Law College) গঠন করা হয়েছে সিট। বিজেপির গঠন করেছে বিশেষ তদন্তকারী দল। যারা সোমবারেই এসেছেন কলকাতায়। তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে একাধিক চাঞ্চল্যকর সব তথ্য। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আগেও ধর্ষণের অভিযোগ রয়েছে। এমনকি শুধু এই ছাত্রীই নয় এর আগেও একাধিক ছাত্রীর সঙ্গে করা অন্যায়ের ভিডিও ফুটেজ মিলেছে। এমনকি বুধবার ছাত্রীকে গণধর্ষণে ঘটনার ভিডিও বেশ কয়েকটি গ্রুপে শেয়ার করা হয়েছে বলেও পুলিশের হাতে এসেছে তথ্য। সেই সমস্ত কিছুই খতিয়ে দেখছে দেখছে পুলিশ। তার মধ্যেই গর্ভনিং বডির ল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্তে নিয়ে চিন্তায় পড়েছেন ছাত্রছাত্রীরা। অনেকেই বলছেন, অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ থাকলে পড়াশোনার ভীষণই ক্ষতি হবে।
