মেসি-কাণ্ডের পর যুবভারতীতে ‘পরিবর্তন’, ব্রাজিল ম্যাচ শেষে ২২ হাজার দর্শককে ফ্রি টিকিট শুভেন্দুর

breakingnews ক্রীড়া রাজ্য

নিউজপোল ব্যুরো:মেসি-কাণ্ডের পর যুবভারতী স্টেডিয়ামে নিরাপত্তা ও দর্শক ব্যবস্থাপনায় বড়সড় পরিবর্তনের দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার ভারত-ব্রাজিল ম্যাচ নির্বিঘ্নে শেষ হওয়ার পর তিনি জানান, আগের ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার বিশেষ সতর্কতা নেওয়া হয়েছিল। একইসঙ্গে মেসি ম্যাচে বঞ্চিত দর্শকদের জন্য বড় ঘোষণা করেন তিনি।

শুভেন্দু জানান, ভারত-ব্রাজিল ম্যাচে বিশৃঙ্খলা এড়াতে ইচ্ছাকৃতভাবে ২০ হাজার আসন ফাঁকা রাখা হয়েছিল। তাঁর দাবি, ম্যাচ চলাকালীন কোনও মন্ত্রী, পুলিশ আধিকারিক বা প্রশাসনিক কর্তা সেলফি তোলার চেষ্টা করেননি। ফিফার নিয়ম মেনেই গোটা আয়োজন করা হয়েছিল বলেও জানান তিনি।

এরপরই মেসি-কাণ্ডের প্রসঙ্গ তুলে শুভেন্দু ঘোষণা করেন, আগের ঘটনায় প্রতারিত হওয়া ২২ হাজার দর্শককে আগামী ৬ অক্টোবর ভারত-উরুগুয়ে ম্যাচের জন্য বিনামূল্যে টিকিট দেওয়া হবে। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য পাঠালে যোগ্য দর্শকদের বিনামূল্যে টিকিট দেওয়া হবে।

শুভেন্দুর বক্তব্য, মেসি-কাণ্ড থেকে শিক্ষা নিয়েই এবার দর্শক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। তাঁর দাবি, ভারত-ব্রাজিল ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন হওয়াই সেই ব্যবস্থার প্রমাণ।