নিউজপোল ব্যুরো: ছুটি কাটাতে গিয়ে আচমকাই বিপদে বলিউড অভিনেত্রী নুসরত ভরুচা। ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনার পর গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে, তাঁর মেরুদণ্ডে চিড় ধরেছে। প্রথমে বালির একটি হাসপাতালে চিকিৎসা চললেও পরে পরিস্থিতি বিবেচনা করে তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়। বর্তমানে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন নুসরত।
কাজের ব্যস্ততা শেষ করে কয়েক দিনের জন্য বালিতে ছুটি কাটাতে গিয়েছিলেন নুসরত। সেখানেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে চোটের গুরুত্ব বুঝে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার রাতে এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই পৌঁছন অভিনেত্রী। বিমানবন্দর থেকে তাঁকে স্ট্রেচারে করে বের করে নিয়ে যাওয়া হয়। সেই সময় চোখ মেলে তাকাতে দেখা যায় নুসরতকে। আশপাশের মানুষের সঙ্গে ঠোঁট নেড়ে কথা বলার চেষ্টাও করছিলেন তিনি। তবে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পরিবারের তরফে প্রকাশ করা হয়নি।
নুসরতের টিম জানিয়েছে, এই মুহূর্তে অভিনেত্রীর চিকিৎসা এবং দ্রুত সুস্থ হয়ে ওঠাই সবচেয়ে বড় বিষয়। তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার প্রয়োজন বলে জানা যাচ্ছে। বড় ধরনের চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হতে সময় লাগতে পারে। সেই কারণে আগে থেকে ঠিক হয়ে থাকা কাজ ও শুটিংয়ের সময়সূচিও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
নুসরতের এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র কয়েক দিন আগেই বালি থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। ঘুরতে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন সেখানে। সেই ছুটির মধ্যেই এমন দুর্ঘটনার খবর স্বাভাবিকভাবেই তাঁর ভক্তদের চিন্তায় ফেলেছে।এদিকে রেমো ডি’সুজার পরিচালনায় একটি নতুন ছবিতে কাজ করার কথা ছিল নুসরতের। ওই ছবিতে তাঁর সঙ্গে প্রথমবার জুটি বাঁধার কথা টাইগার শ্রফের। দুর্ঘটনার জেরে সেই ছবির শুটিংয়ের সময়সূচি বদলাতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আপাতত অভিনেত্রীর চিকিৎসার দিকেই নজর পরিবারের ও টিমের।
