অনুমতি ছাড়াই যন্তর মন্তরে বিক্ষোভ, আটক অতিশী-সহ একাধিক বিরোধী নেতা

breakingnews দেশ রাজ্য

নিউজপোল ব্যুরো:নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ঘিরে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল দিল্লির যন্তর মন্তর এলাকা। ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পথে নামেন বিরোধী দলের নেতা, ছাত্রনেতা এবং একাধিক সমাজকর্মী। বিক্ষোভে উপস্থিত ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী, আপ নেতা সৌরভ ভরদ্বাজ, সিপিএম নেত্রী বৃন্দা কারাট, যোগেন্দ্র যাদব, নেহা বোরা এবং ঐশী ঘোষ-সহ একাধিক পরিচিত মুখ।

চলতি সপ্তাহের শুরুতেই এই কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে পাঁচ বা তার বেশি ব্যক্তির জমায়েত, মিছিল এবং স্লোগানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই নির্দেশ অমান্য করেই শুক্রবার দুপুরের পর যন্তর মন্তর ও সংলগ্ন জনপথ এলাকায় জড়ো হন বিক্ষোভকারীরা। এরপর একাধিক জায়গায় পুলিশ ব্যারিকেড বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিক্ষোভকারীদের আটক করে বাসে তুলে দিল্লির বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়।

আটকের আগে সৌরভ ভরদ্বাজ বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো গণতান্ত্রিক অধিকার। অন্যদিকে ইন্ডিয়া ইয়ুথ কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিব নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকা ও ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে জবাবদিহি দাবি করেন।

বিক্ষোভের জেরে কেন্দ্রীয় দিল্লিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়। পরিস্থিতি সামাল দিতে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং যন্তর মন্তর-সহ একাধিক মেট্রো স্টেশনের প্রবেশ ও বাহিরের গেট সাময়িক বন্ধ রাখা হয়। পাশাপাশি, বিক্ষোভস্থল সংলগ্ন এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবাও সাময়িকভাবে বন্ধ থাকার খবর পাওয়া যায়।