নিউজপোল ব্যুরো: হাওড়ায় অপহরণকাণ্ডে বড়সড় সাফল্য পুলিশের। হাওড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে অপহৃত পেয়ারেলালকে লিলুয়ার একটি বহুতল থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কুখ্যাত দুষ্কৃতী রাহুল মল্লিক-সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে গোলাবাড়ি ও লিলুয়া থানার যৌথ পুলিশ টিম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার হাওড়া বাসস্ট্যান্ডের কাছে রেলের সাবওয়ের সামনে থেকে বাইকে চেপে এসে পেয়ারেলালকে জোর করে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর তাঁকে লিলুয়া ঝিল রোডের একটি বহুতলে আটকে রাখা হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি প্রযুক্তিগত নজরদারি চালায় পুলিশ। সেই সূত্র ধরেই অপহৃতের অবস্থান চিহ্নিত করে গতরাতে বহুতলে অভিযান চালানো হয়। সেখান থেকেই পেয়ারেলালকে উদ্ধার করা হয়।
আরও দেখুন:-ঝগড়া থেকে সমর্থন—রাজবীর-জীতুর সম্পর্কের সমীকরণে বড় চমক!
অভিযানে ধৃতদের কাছ থেকে সাতটি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড তাজা কার্তুজ, ন’টি মোবাইল ফোন এবং একটি ট্যাব উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মোটা অঙ্কের টাকা আদায়ের উদ্দেশ্যেই এই অপহরণ। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের কারণ ও আরও কোনও ব্যক্তি জড়িত কি না, তা খতিয়ে দেখা হবে। রাহুল মল্লিক একটি খুনের মামলায় ১৬ বছর জেল খেটে সম্প্রতি মুক্তি পেয়েছিল।
