পুজোর আগেই বর্ষাবিদায়ের ঘণ্টা! ১০ দিনের মধ্যেই বাংলা থেকে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু, আজ কয়েক জেলায় বৃষ্টির সামান্য সম্ভাবনা

আবহাওয়া কলকাতা রাজ্য শহর

নিউজপোল ব্যুরো: পুজোর আবহে ঢোকার মুখেই বাংলার আকাশে বড় বদলের ইঙ্গিত। বিদায়ের পথে মৌসুমি বায়ু। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আর দিনদশেকের মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষার আনুষ্ঠানিক বিদায় ঘোষণা হতে পারে। তবে তার আগে বাতাসে জমে থাকা জলীয় বাষ্পের প্রভাবে আজ শুক্রবার রাজ্যের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনও আশঙ্কা নেই। ফলে পুজোর প্রস্তুতির মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়তে পারে গরম ও ভ্যাপসা অস্বস্তি।

দক্ষিণবঙ্গে শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী হবে না। মূলত স্থানীয় ভাবে দু-এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। কোনও কোনও জেলার এক-দু’টি জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে। তাপমাত্রাতেও বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।উত্তরবঙ্গেও আপাতত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচ জেলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণও ধীরে ধীরে কমবে।

কলকাতার আকাশে শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার থেকে পরবর্তী কয়েক দিন শহরে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি। পুজোর প্রস্তুতি যত এগোবে, বর্ষার দাপট ততই কমার সম্ভাবনা। তাই প্যান্ডেল, প্রতিমা দর্শন বা বাইরে বেরোনোর পরিকল্পনায় বড় বাধা তৈরি হওয়ার মতো ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই।