নবান্নে ঢুকেছিলেন PMO অফিসার সেজে! সরকারি তথ্য চাওয়ার অভিযোগ, সন্দেহ হতেই চম্পট—দিল্লি থেকে গ্রেফতার আকাঙ্খা

breakingnews অপরাধ অফবিট দেশ

নিউজপোল ব্যুরো: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে ঢুকে সরকারি তথ্য জানার চেষ্টা করার অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার করা হল আকাঙ্খা বিদ্যার্থী নামে এক মহিলাকে। পুলিশের দাবি, পরিচয় নিয়ে অসঙ্গতি ধরা পড়তেই সন্দেহ হয় নবান্নের পূর্ত দফতরের আধিকারিকদের। এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং শুরু হয় খোঁজ। হাওড়া সিটি পুলিশের বিশেষ দল দিল্লিতে গিয়ে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে। মধ্য দিল্লির বাসিন্দা আকাঙ্খা আগে থেকেই পূর্ত দফতরের মন্ত্রী অজয় পোদ্দারের সঙ্গে দেখা করার সময় নিয়েছিলেন। কয়েক দিন আগে মন্ত্রীর সচিবকে ই-মেল করে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন তিনি। সেই সূত্রেই গাড়ি নিয়ে সোজা নবান্নে পৌঁছন। সেখানে নিজেকে PMO-র আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং কয়েকটি প্রশাসনিক তথ্য জানার চেষ্টা করেন বলে অভিযোগ।

কথাবার্তার মধ্যেই তাঁর দেওয়া পরিচয় ও বক্তব্যে অসঙ্গতি খুঁজে পান উপস্থিত আধিকারিকরা। সন্দেহ আরও ঘনীভূত হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পূর্ত দফতরের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর হাওড়া সিটি পুলিশ তদন্ত শুরু করে। মহিলার সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ চালানোর পাশাপাশি তাঁর গতিবিধি সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়।

তদন্তে পুলিশ জানতে পারে, নবান্ন থেকে বেরিয়ে ওই মহিলা দিল্লির বিমানে চলে গিয়েছেন। এরপর হাওড়া পুলিশের বিশেষ দল দিল্লিতে পৌঁছে তাঁর অবস্থান শনাক্ত করে। সেখানেই তাঁকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।