সন্ধ্যা নামলেই ধূপগুড়িতে বাইক আতঙ্ক, মহিলাদের হেনস্থার অভিযোগে বাড়ছে উদ্বেগ

অপরাধ জেলা রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: সন্ধ্যা নামলেই ধূপগুড়ির নির্জন অলিগলিতে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বাইক আরোহীদের দৌরাত্ম্য। একা কোনও মহিলা বা তরুণীকে দেখলেই পিছন দিক থেকে আচমকা বাইক নিয়ে এসে তাঁদের হেনস্থা করছে তারপর দ্রুত বাইক নিয়ে পালিয়ে যাচ্ছে একদল যুবক এমনই অভিযোগ উঠেছে। দুর্গাপুজোর মুখে পরপর এমন ঘটনার সামনে আসায় মহিলাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর শহরের একাধিক নির্জন রাস্তায় বাইক আরোহীদের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। একা মহিলাদের লক্ষ্য করে কটূক্তি, অশালীন আচরণ থেকে শুরু করে শারীরিক হেনস্থার অভিযোগও উঠছে। ঘটনার আকস্মিকতায় অনেকেই প্রতিবাদ করার সুযোগ পাচ্ছেন না। ফলে সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া একা রাস্তায় বেরোতেও ভয় পাচ্ছেন বহু মহিলা।

আরও দেখুন:-‘নাগরিক দেবো ভব’, UPSC-এর শতবর্ষে জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার বার্তা মোদীর

এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পুজোর আগে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং নির্জন রাস্তাগুলিতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধূপগুড়ির বিজেপি বিধায়ক নরেশচন্দ্র রায় বলেন, “এদের দেখলেই গুলি মেরে দেওয়া উচিত! মা-বোনেদের ওপর এমন অত্যাচার আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। এই ধরনের দুষ্কৃতীদের রুখতে সরকার ও পুলিশকে এই রূপ কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে।” তাঁর এই বিতর্কিত মন্তব্য জেরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।