নিউজপোল ব্যুরো:নয়াদিল্লির ভারত মণ্ডপমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সরকারি পরিষেবায় জনমুখী মানসিকতার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯২৬ সালে প্রতিষ্ঠিত UPSC-এর ১০০ বছরের পথচলা উপলক্ষে বছরব্যাপী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একশো বছরের যাত্রায় প্রজন্ম বদলেছে, সরকারের পরিবর্তন হয়েছে, প্রযুক্তি ও পাঠ্যক্রমেও এসেছে একাধিক বদল। কিন্তু UPSC-এর প্রতি সাধারণ মানুষের আস্থা আজও অটুট। তাঁর কথায়, এই আস্থা আসলে দেশের লক্ষ লক্ষ তরুণের স্বপ্ন, প্রত্যাশা এবং দেশসেবার আকাঙ্ক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে।
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রেও নতুন ভাবনার প্রয়োজন রয়েছে বলে জানান মোদী। তাঁর বক্তব্য, শুধু সরকারি পদ পাওয়ার আগ্রহ রয়েছে এমন তরুণদের নয়, যাঁরা মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে সরকারি ব্যবস্থায় আসতে চান, তাঁদেরও সুযোগ দিতে হবে। নিয়োগ পরীক্ষায় একজন প্রার্থী কতটা জানেন, তার পাশাপাশি তিনি কেন সরকারি চাকরিতে আসতে চাইছেন, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
‘নাগরিক দেবো ভব’ মন্ত্রের উল্লেখ করে তিনি বলেন, নাগরিকের সেবাই সরকারের সর্বোচ্চ দায়িত্ব। একবিংশ শতাব্দীর ভারতে জনমুখী, সক্রিয় ও সুশাসনভিত্তিক প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে UPSC এবং রাজ্য পাবলিক সার্ভিস কমিশনগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী UPSC-এর স্মারক মুদ্রা ও ডাকটিকিট প্রকাশ করেন। পাশাপাশি কমিশনের ইতিহাস ও নীতি নির্ধারণের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ রায় নিয়ে একটি বিশেষ বইও প্রকাশ করা হয়।
