BJP: ‘বাম দুর্গ’ ভেঙে ইতিহাস বিজেপির, তিরুঅনন্তপুরমে প্রথম বার গেরুয়া মেয়র

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: ‘বাম দুর্গ’ হিসেবে পরিচিত কেরলের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড় নিল বিজেপি (BJP)। এই প্রথমবার কেরলের (Kerala) রাজধানী তিরুঅনন্তপুরম পুরসভার মেয়র পদ দখল করল গেরুয়া শিবির। দীর্ঘ ৪৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মেয়র নির্বাচিত হলেন বিজেপি (BJP) নেতা ভিভি রাজেশ। আগামী বছর কেরলে বিধানসভা নির্বাচনের আগেই এই সাফল্য বিজেপির (BJP) কাছে নিঃসন্দেহে বড় রাজনৈতিক বার্তা বহন করছে।

আরও পড়ুন: Malda: সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে প্রতিবাদ, মালদহ শহরের হোটেলগুলিতে ঢুকতে পারবেন না বাংলাদেশিরা

১০১ সদস্যের তিরুঅনন্তপুরম পুরসভায় ভোটাভুটির লড়াই ছিল রীতিমতো হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত ৫১টি ভোট পেয়ে জয় নিশ্চিত করেন ভিভি রাজেশ। বিজেপির ঝুলিতে যায় ৫০টি ওয়ার্ড, আর এক নির্দল কাউন্সিলরের সমর্থনেই মেয়র পদে বসেন তিনি। এর আগে কখনও তিরুঅনন্তপুরম পুরসভায় মেয়র পদে বিজেপির প্রতিনিধি নির্বাচিত হননি। এই ফলাফলকে কেরলের রাজনীতিতে ‘ইতিহাস সৃষ্টি’ বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

ভিভি রাজেশ কেরল বিজেপির রাজ্য সম্পাদক। তাঁর নেতৃত্বে রাজধানী শহরের পুরসভায় বামেদের দীর্ঘ দিনের আধিপত্যে ফাটল ধরল। উল্লেখযোগ্যভাবে, টানা ৪৫ বছর ধরে এই পুরসভা ছিল সিপিএমের দখলে। সেই বাম দুর্গেই এবার পদ্মফুল ফুটল।

মেয়র হিসেবে শপথ গ্রহণের পর ভিভি রাজেশ বলেন, “তিরুঅনন্তপুরমের সব ১০১টি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন হবে। দল-মত নির্বিশেষে সকল নাগরিকের জন্য কাজ করাই আমার লক্ষ্য। রাজধানী শহরকে দেশের অন্যতম উন্নত ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে।”

কেরল বিজেপির রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর এই জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, “গত কয়েক দশক ধরে তিরুঅনন্তপুরম দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। বিপুল অর্থ ব্যয় হলেও সাধারণ মানুষ ন্যূনতম পরিষেবা পাননি। এবার সেই পরিস্থিতির পরিবর্তন হবে। তিরুঅনন্তপুরমকে দেশের সেরা তিনটি শহরের মধ্যে নিয়ে যাওয়ার লক্ষ্য আমাদের।”

কেরলের রাজনীতিতে বিজেপির প্রভাব এখনও সীমিত। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি মাত্র একটি আসনে জয় পেয়েছিল। দলের একমাত্র বিধায়ক ছিলেন ও রাজাগোপাল। তবে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে অভিনেতা সুরেশ গোপীর থ্রিশূর আসনে জয় বিজেপিকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিরুঅনন্তপুরম পুরসভার মেয়র পদে জয় আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কাছে বড় অক্সিজেনের কাজ করবে। ‘বাম দুর্গ’ কেরলে এই ফলাফল ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মত ওয়াকিবহাল মহলের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole